নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সর্বক্ষণিক তার উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টা একেক রকম বক্তব্য দিচ্ছেন, যার মধ্যে কোনো মিল নেই।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের এই অসংগতি তুলে ধরেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই’-এর মতোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও এর সর্বশেষ উদাহরণ।
সরকারের মন্ত্রীদের বক্তব্যের অমিল তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেছিলেন, শেখ হাসিনা নিজে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই। সরকার তার দেশে আসা ঠেকাতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলে জানান ওই উপদেষ্টা।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর কথাও উল্লেখ করেছেন তিনি।
জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও এখন সংসদে উপস্থিত আছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ নভেম্বর জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদনের আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রুমিন ফারহানা আরও বলেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন বাকি সিদ্ধান্ত ভারতের। একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
সরকারের বক্তব্যের অসংগতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, তথ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদন যাচাই করা হয়নি; অন্যদিকে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
আপনার মতামত লিখুন