খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

যোগফল প্রতিবেদক: 

যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ। এর আগে রোববার (১৫ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি কক্ষে এক ছাত্রীকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং চুমু দেন।

ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করে।

অভিযোগের বিষয়টি জানতে পেরে সুমন ভুক্তভোগীসহ অন্য ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকি দেন। পরে পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ওই বছরের ১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে শার্শা গোড়পাড়া ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে এমন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে নির্ধারিত দাপ্তরিক কার্যালয়ে যোগাযোগ এবং হটলাইন ১০৫ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সময় প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইডি সংশোধনসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এ অবস্থায় এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবা ও প্রয়োজনীয় তথ্য জানতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন ১০৫ নম্বরে কল করে কথা বলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যোগফল প্রতিবেদক:

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল ফোনের টাওয়ার এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের টিনের বেড়া ও ছাউনি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব হস্তান্তর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব হস্তান্তর

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইফার মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে এ প্রস্তাব হস্তান্তর করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি প্রস্তাবিত কাঠামোতে ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নিয়ে অধিদপ্তরে রূপান্তরের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী অর্গানোগ্রাম প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা, সাংগঠনিক গতিশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় ও সেবার মান বাড়তে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রস্তাবিত কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম