খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী বরখাস্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী বরখাস্ত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার অবসর আদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত থাকা অবস্থায় তাকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্তের কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনি বিধান উল্লেখ করে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত অবস্থায় তাকে চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে।

এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের পর চারটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সশস্ত্র বাহিনীর নতুন বেতন-ভাতার গেজেট প্রকাশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সশস্ত্র বাহিনীর নতুন বেতন-ভাতার গেজেট প্রকাশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে তৈরি এ নির্দেশাবলি সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে সরকার।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।

রোববার (১৫ নভেম্বর) রাতে গেজেটটি প্রকাশ করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেছেন।

নির্দেশনায় সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এটি সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪ অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এ সময় নিম্নচাপটির কেন্দ্র ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম