খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন হাসিব আল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মোট ১০৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রয়েছে ৩১টি। এ ছাড়া কমিটিতে নারী সদস্য রয়েছেন আটজন।

কমিটির অন্যান্য সদস্যের নামসহ পূর্ণাঙ্গ তালিকা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

যুবলীগ নেতা ছেলেকে না পেয়ে ৬৫ বছরের বাবাকে গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যুবলীগ নেতা ছেলেকে না পেয়ে ৬৫ বছরের বাবাকে গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে যুবলীগ নেতা ছেলেকে না পেয়ে তার ৬৫ বছর বয়সী বাবা মো. মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলার এজাহারে তার নাম নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মতিউর রহমানের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বলিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার ছেলে ঢাকা জেলা যুবলীগের সদস্য। ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে তিনি বাড়িতে নেই।

মতিউরের স্ত্রী দেলেরা বেগম অভিযোগ করেন, ছেলে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী বয়স্ক ও অসুস্থ। ১০ থেকে ১৫ দিন আগেও ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। এখনো ঠিকমতো দাঁড়াতে পারেন না। এরপরও গভীর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়।

অন্যদিকে, পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে বিভিন্ন সূত্রের মাধ্যমে মতিউরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে। আন্দোলনের সময় এক পিকআপচালককে গুলি করে আহত করার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্ত কর্মকর্তা। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘মতিউর রহমানের ছেলে যুবলীগের বড় একটি পদে রয়েছে। এছাড়া তার পুরো পরিবার আওয়ামী লীগ করে। তিনি আমাদের রেড ব্লকে পড়ে গেছেন।’

বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সরকারি দামে মিলছে না গ্যাস সিলিন্ডার, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সরকারি দামে মিলছে না গ্যাস সিলিন্ডার, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার কারণ জাতীয় সংসদে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতার কারণে কিছু ক্ষেত্রে নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, সিলিন্ডার গ্যাসসহ সরকার নির্ধারিত মূল্যের অনেক পণ্য ভোক্তারা বাজারে নির্ধারিত দামে কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ কী এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে?

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায় ও অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।

তিনি জানান, নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। পাশাপাশি অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ পর্যন্ত ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা।

সংগঠনটির নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধ ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থি। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ছাত্র জমিয়তের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিকল্প নেই।

বিবৃতিতে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম