সরকারি দামে মিলছে না গ্যাস সিলিন্ডার, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার কারণ জাতীয় সংসদে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতার কারণে কিছু ক্ষেত্রে নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, সিলিন্ডার গ্যাসসহ সরকার নির্ধারিত মূল্যের অনেক পণ্য ভোক্তারা বাজারে নির্ধারিত দামে কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ কী এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে?
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায় ও অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।
তিনি জানান, নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। পাশাপাশি অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ পর্যন্ত ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন