খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

পাঁচ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, কারাগারে পাঠানো

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাঁচ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, কারাগারে পাঠানো

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন, নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ কুটিপাড়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৪৬) এবং মমিন বকসীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান বকসীর ছেলে শাহজাহান আলী বকসী ওরফে টিপু (৪৫)। টিপু নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজারহাট থানা-পুলিশের একটি দল মোটরসাইকেলে বিশেষ অভিযান ও মাদক উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। রাত পৌনে ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পান, নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে রেখেছেন।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মনারকুঠি গ্রামের রোমান সরকারের বাড়িতে দুই ব্যক্তিকে আটক অবস্থায় দেখতে পায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের তল্লাশি করা হয়। এ সময় হাবিবুর রহমানের শার্টের ডান পকেট থেকে তিন পিস এবং শাহজাহান আলী বকসী টিপুর জিন্সের ডান পকেট থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা পাঁচ পিস ইয়াবার মোট ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪০০ টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য দুই হাজার টাকা।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের এজাহার অনুযায়ী, হাবিবুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, শাহজাহান আলী বকসী টিপুর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি একই থানায় একই আইনে আরেকটি মামলা হয়েছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয় লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুজনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আটক টিপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান। তিনি বলেন, “ড্রাগসহ আটক হয়ে থাকলে আমরা অবশ্যই তার পদ স্থগিত বা বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করতেছি।”

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশের দাবি, তিনি গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত চার-পাঁচ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা

যোগফল প্রতিবেদক:

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি জানান, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই ঐক্যকে আরও সুসংহত করতে সরকার কাজ করছে।

মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যেন দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

ছবি সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম ।।গোপালগঞ্জ জেলা সংবাদদাতা


গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও  নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেবাবার রাতে বিজিবি গোপালগঞ্জে গণহত্যা চালাবে বলে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পোস্ট দেওয়া হয়। তারপর গোপালগঞ্জ শহর , আশপাশের ইউনিয়ন  মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর, চন্দ্রদীঘলিয়া সহ বিভিন ইউনিয়নে মসজিদ ও মাইকে ঘোষণা দিয়ে সবাইকে এটি প্রতিহত করার আহবান জানানো হয়। রাত ১০ টার পর লাঠি-সোটা, রামদা, হকিস্টিক টেটা, ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র নিয়ে হাজার-হাজার মানুষ বেড়িয়ে পড়েন। তারা শো-ডাইন করেন। কিন্তু এতে কোন সহিংস ঘটনার খবর পাওয়া্ যায়নি। 

তবে জনতাকে প্রসমিত করতে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা বিজিবিকে জড়িয়ে দেওয়া ফেসবুক পোস্ট ভুয়া বলেও তাদের আইডি থেকে পোস্ট দেওয়া হয়। সেদিকে কেউ নজর দেননি। বরং গুজবে কান দিয়ে তারা মাঝরাত পর্যন্ত রাস্তায় শো-ডাউন করেন। পরে রাত ১২ টার দিকে তারা ঘরে ফিরে যান।

এ নিয়ে জেলা আইন শৃংখলা পরিস্থিতিতে কোন প্রভাব পড়েনি। জেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সব রুটে যানবাহন চলাচল করছে। এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস, আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কাজকর্ম চলছে। জেলার সব বিপণী বিতান ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে। তবে চাপা আতংকে শহরে মানুষের সমাগম কম। ব্যবসা প্রতিষ্ঠানে কেনা-বেচা কমে গেছে।

গুজব নিয়ে সতর্কতা ও বিজিবর  নিরাপত্তা জোরদার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে, যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। রবিবার (২২ নভেম্বর) রাতে  বিজিবির পক্ষ থেকে এটি জানানো হয় ।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্যও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করা হচ্ছে। 

বিজিবি ’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে , প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এ অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্টত: প্রমাণিত হচ্ছে যে, গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরও বেশি ধংসাত্নক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য। 

গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে  নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী  জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। 
জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোহফল. কম