খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।

এনসিপির আহ্বায়ক বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ বিভিন্ন পক্ষের মানুষ এর ভুক্তভোগী হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা যায় কি না, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি এ বিষয়ে কথা বলেছেন।

বৈঠকে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডা করার সুপারিশ জানিয়েছে এনসিপি।

তিনি অভিযোগ করেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে তারা ওই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশের দাবি, তিনি গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত চার-পাঁচ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা

যোগফল প্রতিবেদক:

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি জানান, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই ঐক্যকে আরও সুসংহত করতে সরকার কাজ করছে।

মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যেন দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

ছবি সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম ।।গোপালগঞ্জ জেলা সংবাদদাতা


গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও  নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেবাবার রাতে বিজিবি গোপালগঞ্জে গণহত্যা চালাবে বলে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পোস্ট দেওয়া হয়। তারপর গোপালগঞ্জ শহর , আশপাশের ইউনিয়ন  মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর, চন্দ্রদীঘলিয়া সহ বিভিন ইউনিয়নে মসজিদ ও মাইকে ঘোষণা দিয়ে সবাইকে এটি প্রতিহত করার আহবান জানানো হয়। রাত ১০ টার পর লাঠি-সোটা, রামদা, হকিস্টিক টেটা, ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র নিয়ে হাজার-হাজার মানুষ বেড়িয়ে পড়েন। তারা শো-ডাইন করেন। কিন্তু এতে কোন সহিংস ঘটনার খবর পাওয়া্ যায়নি। 

তবে জনতাকে প্রসমিত করতে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা বিজিবিকে জড়িয়ে দেওয়া ফেসবুক পোস্ট ভুয়া বলেও তাদের আইডি থেকে পোস্ট দেওয়া হয়। সেদিকে কেউ নজর দেননি। বরং গুজবে কান দিয়ে তারা মাঝরাত পর্যন্ত রাস্তায় শো-ডাউন করেন। পরে রাত ১২ টার দিকে তারা ঘরে ফিরে যান।

এ নিয়ে জেলা আইন শৃংখলা পরিস্থিতিতে কোন প্রভাব পড়েনি। জেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সব রুটে যানবাহন চলাচল করছে। এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস, আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কাজকর্ম চলছে। জেলার সব বিপণী বিতান ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে। তবে চাপা আতংকে শহরে মানুষের সমাগম কম। ব্যবসা প্রতিষ্ঠানে কেনা-বেচা কমে গেছে।

গুজব নিয়ে সতর্কতা ও বিজিবর  নিরাপত্তা জোরদার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে, যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। রবিবার (২২ নভেম্বর) রাতে  বিজিবির পক্ষ থেকে এটি জানানো হয় ।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্যও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করা হচ্ছে। 

বিজিবি ’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে , প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এ অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্টত: প্রমাণিত হচ্ছে যে, গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরও বেশি ধংসাত্নক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য। 

গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে  নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী  জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। 
জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোহফল. কম