জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা
যোগফল প্রতিবেদক:
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি জানান, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই ঐক্যকে আরও সুসংহত করতে সরকার কাজ করছে।
মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যেন দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন