খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ, নিহত ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ, নিহত ৪

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের পরিস্থিতি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারের বিরুদ্ধে সহিংস তৎপরতা চালাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। পুলিশ জানিয়েছে, এসব সংঘর্ষ ও হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এদিকে সরকারবিরোধী বিভিন্ন শক্তি আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ডাক দিচ্ছে।

চলমান অস্থিরতা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন করে চাপ তৈরি করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।

কারা চালাচ্ছে এই সহিংসতা?

গত দেড় সপ্তাহ ধরে শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সহিংস তৎপরতা চালাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব সহিংসতায় ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। বাসে আগুন দেওয়ার ঘটনায় গণপরিবহনের দুই কর্মীরও মৃত্যু হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতার নিন্দা জানিয়ে দাবি করেছে, দলটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিল। কোনো ধরনের অগ্নিসংযোগ কিংবা ব্যক্তি বা সম্পত্তির ওপর হামলার দায় তারা স্বীকার করে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা দলের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি কেবল তাদেরই সুবিধা দেয়, যারা আরেকটি দমন-পীড়নের অজুহাত খুঁজছে।’

গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। দেশটির প্রধান কৌঁসুলি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করবে।

সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ায় বাংলাদেশের কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন শেখ হাসিনা। তবে তাকে এসব নথি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকার।

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবন্দি এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা সম্পর্কেও তিনি সচেতন বলে জানিয়েছেন।

সহিংসতা ও আওয়ামী লীগপন্থী বিক্ষোভ সবচেয়ে তীব্র ছিল শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়কটি ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন।

এ সময় তারা অস্ত্র হাতে সড়কে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় পুলিশ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

কেন নির্বাসনে সাবেক প্রধানমন্ত্রী?

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার নির্বাচিত হয়েছেন। তবে তার শেষ তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দমন-পীড়নের অভিযোগ ছিল।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার শিকার এবং এর জন্য দায়ী ব্যক্তি হিসেবে আলোচিত হয়েছেন। ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে তার বাবা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যান।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। ২০০১ সালের নির্বাচনে তার দল বিরোধী জাতীয়তাবাদীদের কাছে পরাজিত হয়। পরবর্তী বছরগুলোতে দুই রাজনৈতিক পক্ষের প্রতিদ্বন্দ্বিতা থেকে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিশোধ এবং কর্তৃত্ববাদী আচরণের অভিযোগের চক্র তৈরি হয়।

২০০৯ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে এবং ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। ওই বছর আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের অতিরিক্ত বলপ্রয়োগের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ-সমর্থকদের সুবিধা দেওয়ার অভিযোগ থাকা কোটা ব্যবস্থার বিরুদ্ধে মূলত শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল। পরে তা তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে শেখ হাসিনার সমর্থক ও তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এ ছাড়া শেখ হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং আন্দোলনকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়। এর ফলে ১০ হাজারের বেশি মানুষকে কারাগারে পাঠানো হয়।

সামনে কী ঘটতে পারে?

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বানের কথা জানান তিনি।

তবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা আপাতত কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একসময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও শেখ হাসিনার সরকারের সুসম্পর্ক ছিল।

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নরেন্দ্র মোদি এখনো কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী তার সরকার।

চলতি বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ভারতকে পরোক্ষভাবে সমালোচনা করেছেন তারেক রহমান। চলতি সপ্তাহে তিনি এমন কিছু আন্দোলনকারীর কথা উল্লেখ করেন, যারা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছেন।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এক মুখপাত্র বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে এর আগে তারেক রহমানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে এখনো ওই আমন্ত্রণের বিষয়ে সাড়া দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাংলাদেশিরা হলেন, নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম