খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। এসব অভিযোগের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পৃক্ততা, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ও রয়েছে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নোটিশে দাবি করা হয়েছে, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি। রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনার সুযোগ থাকলেও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক স্বকীয়তা বজায় রেখে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাহিম ফারুকীকে পাঠানো নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগগুলো প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং যে মাধ্যমে বক্তব্য প্রচার করা হয়েছে, একই মাধ্যমে যথাযথ গুরুত্ব ও পরিসরে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার ঘোষণাও দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে দলের বিরুদ্ধে চলমান ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য। তবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি—উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল জানিয়েছে, এরই ধারাবাহিকতায় ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাংলাদেশিরা হলেন, নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম