প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন