ডিসেম্বরকে সাংগঠনিক মাস ঘোষণা করেছে বিএনপি: জহির উদ্দিন স্বপন
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
আগামী ডিসেম্বর মাসকে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। সাংগঠনিক বিষয়ে যেসব আলোচনা ও পরামর্শ হবে, সে অনুযায়ী নেতাকর্মীদের চলতে হবে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের আইন অমান্য করে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বাংলাদেশ থেকে যারা পালিয়ে যাননি, তাদের একাংশের কর্মকাণ্ডেও তাণ্ডবের চিত্র দেখা যাচ্ছে। যদিও এসব কর্মকাণ্ড গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মধ্যেই সীমাবদ্ধ। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে টুঙ্গিপাড়ার বাইরে যাওয়ার ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। তবে দেশে থাকা সন্ত্রাসীরা হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন।
তিনি আরও বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী ও আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার নিয়ে তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন। জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
দলের ভেতরে কেউ সন্ত্রাসে জড়ালে প্রথমে অভিভাবক হিসেবে তাঁকে বুঝিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, তাতে কাজ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন