খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কবিরা নাকি ছয় মাস গোসল করেন না, ছোটবেলায় এমন ধারণা ছিল: রিজভী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কবিরা নাকি ছয় মাস গোসল করেন না, ছোটবেলায় এমন ধারণা ছিল: রিজভী

যোগফল প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছোটবেলায় তাঁর ধারণা ছিল কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাঁদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের হয়। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না—এমন ধারণাও ছিল তাঁর।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা ও সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি নন উল্লেখ করে রিজভী বলেন, শাহিন রেজা তাঁকে যেভাবে উপস্থাপন করেছেন, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, সেই ব্যাকরণও তাঁর জানা নেই। সাহিত্য নিয়ে আলোচনা ও উপস্থাপনার আলাদা ধরন রয়েছে।

তিনি বলেন, ‘কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে বিচরণ করেন।’

কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে রিজভী বলেন, অনেকের ধারণা কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাঁদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের। ছোটবেলা থেকে তাঁরও এমন ধারণা ছিল। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না—এমন ধারণাও ছিল। তবে কবি স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরা যে স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। জীবনযাপন ও চলাফেরায় তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।

কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিখ্যাত কবিদের অনেক সময় সাবধানে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় কবির অনেক নারী বন্ধু জুটতে পারেন। তবে তাঁর এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে।

কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করলে তাঁর মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হতো। তবে প্রচণ্ড সামাজিক হওয়া সত্ত্বেও দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছেই ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তাঁর মাথায় থাকে। বাজার নিয়েই তাঁকে বাড়ি ফিরতে হয়। এটিও তাঁর অসাধারণ একটি গুণ।

স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কবিতার গভীরে যেতে না পারলেও তিনি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় এবং কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাঁকে অনুপ্রাণিত করত।

তিনি বলেন, সে সময় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবাই অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তিনি সেসব কবিতা আবৃত্তি করতেন।

কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, স্টালিন তাঁর কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন দেননি বলেই তিনি নিজস্ব একটি কাব্যধারা তৈরি করতে পেরেছেন।

বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী।

তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাংলাদেশিরা হলেন, নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম