খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, থাকছেন বিএনপির শীর্ষ নেতারাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, থাকছেন বিএনপির শীর্ষ নেতারাও

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

অন্যদিকে, বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিয়েছিল। তবে এনসিপি পৃথকভাবে বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে দলটির জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপি সূত্র আরও জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানাবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাংলাদেশিরা হলেন, নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম