বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে উত্তেজনা
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময় থানা ফটকে বিক্ষোভের পাশাপাশি হামলা ও ধাওয়ার অভিযোগও উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ২০২৪ সালের একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি তিনি।
গ্রেপ্তারের পর রাতেই এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সায়েব আলীর মুক্তি দাবি জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওা দেওয়ার অভিযোগ ওঠে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ অভিযোগ করেন, সায়েব আলী আওয়ামী লীগের নেতা নন এবং তার দলীয় কোনো পদও নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিহিংসার কারণে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
আতাউল্লাহ আরও বলেন, গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিলে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা চলাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ মিথ্যা। বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলে কয়েকজন বিএনপি নেতাকর্মী পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানায় আসেন। সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছুটা সমস্যা হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন