খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

‘আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে পরিবার ও দলকেও ধ্বংস করেছেন শেখ হাসিনা’: হুমায়ুন কবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে পরিবার ও দলকেও ধ্বংস করেছেন শেখ হাসিনা’: হুমায়ুন কবির

যোগফল প্রতিবেদক:

আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং ‘আওয়ামী সন্ত্রাসী লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়াই এখন দলটির কর্মকাণ্ডে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগানটি জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ ও সরকার জানে। সরকার সহনশীল এবং মানুষের প্রতি সহনশীলতা দেখায়। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সরকার তা গ্রহণ করবে। বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে দলটির নেত্রী শেখ হাসিনা নিজের পরিবার ও দলকেও ধ্বংস করেছেন। এখন দলটির ভেতরে যারা রয়েছেন, তাদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। প্রতিহিংসা ও আক্রোশ থেকে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। যারা আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের অবস্থা এমন হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে উধাও হয়ে যাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এখন উজ্জ্বল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এসব কর্মকাণ্ড আর সহ্য করে না।

নিজের বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় সিলেটে এসে নেতাকর্মীদের পাশে পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এ সময় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে। সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ নেই। অপরাধীদের প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে এবং দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অপরাধী যত দূরেই পালিয়ে থাকুক না কেন, আইনের দীর্ঘ হাত তাদের নাগাল পাবে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশপথের একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমা হামলার তথ্য ছড়িয়ে পড়লেও সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি পেট্রোল বোমা বা এ ধরনের কোনো বিস্ফোরক দিয়ে ঘটানো হয়নি।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

ছবি সাঁথিয়া (পাবনা)

সাঁথিয়া (পাবনা)।। জেলা সংবাদদাতা

দীর্ঘ ১৭ বছর পর পাবনার সাঁথিয়া উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি  । গত ১৫ নভেম্বর ১০৯ নং স্বারকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁঞা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্রের ২০২৪ মোতাবেক আগামী ৪ বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত এ কমিটিতে চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কে সভাপতি,সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দীনকে নির্বাহী সভাপতি ,  পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে । 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল হান্নান ও শাজাহান আলী সিনিয়র সহ-সভাপতি, জয়নুল আবেদীন, শামসুর রহমান, রেজাউল করিম নাজমুল হুদা নিজামী, শহীদুল্লাহ হোসেন সহ-সভাপতি, হারুনুর রশিদ, সৈয়দা বিউটি সিনিয়র যুগ্ম সম্পাদক, বশির আল হেলাল,  , আবু সাঈদ,জীবন নাহার আশা, যুগ্ম সম্পাদক,হেলাল উদ্দিন,ইকবাল বাহার সহ সাধারণ সম্পাদক,  কামরুন্নাহার ,সুমি খাতুন, মহিলা বিষয়ক -সম্পাদক, রাবেয়া বশরি সহ মহিলা সম্পাদক, জাহিদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক, খায়রুল আলম অর্থ সম্পাদক, মেহেদি হাসান সহ অর্থ সম্পাদক, রবিউল ইসলাম দপ্তর সম্পাদক, শোয়াইব হোসেন সহ সম্পাদক, হামিম রেজা ধর্ম সম্পাদক,আ:হালিম  সহধর্ম সম্পাদক, মোস্তাফিজুর রহমান জিকু  শিক্ষা সম্পাদক,বুলবুল আহমেদ সহ শিক্ষা সম্পাদক, দেলোয়ার হেসেন সাহিত্য সম্পাদক,মুস্তাফিজুর রহমান সহ-সাহিত্য সম্পাদক, নাজনীন  নাহার সাথী সাংস্কৃতি ও বিনোদন সম্পাদক, কিবরিয়া হোসেন সহ-সাংস্কৃতিক সম্পাদক, মাহবুবুর রহমান যোগাযোগ সম্পাদক,শাহিন হেসেন,সহ যোগাযোগ সম্পাদক,সায়াত উদ্দিন  প্রচার সম্পাদক,আবুবক্কার সিদ্দিক ক্রীড়া সম্পাদক,নুহ উল্লাহ মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন মিডিয়া সম্পাদক, হাসেম আলী মাউশি সম্পাদক,তোফাজ্জল হোসেন আইন সম্পাদক, শামীমা নাসরিন শিমুল আইসিটি সম্পাদক, আসাদুজ্জামান শাহিন সহ আইসিটি সম্পাদক, আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট  সম্পাদক, নাসির উদ্দিন স্কাউটিং সম্পাদক, আবুল আসাদ কল্যাণ সম্পাদক, মনিরুল ইসলাম পরিবেশ সম্পাদক,শফিকুল ইসলাম সমবায় সম্পাদক,আমেনা খাতুন,সারোয়ার হেসেন, সিহানু ইসলাম  কার্যকরী সদস্য। 
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ১৭ বছর পর সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এই কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় স্থানীয় শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে, যা আগামী দিনে শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে ড. ইউনূসের নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার বিষয়টি আরও উদ্বেগজনক। দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করছে এই ব্যাংক।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

তিনি আরও উল্লেখ করেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং তিনিই ব্যাংকটি পরিচালনা করেন। অথচ ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা বাধাগ্রস্ত না হয়।

ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সবশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়ে পুণ্যার্থীবাহী একটি নৌকা। পরে কোস্ট গার্ডের সহায়তায় নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী নৌকাটি।

পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন পুণ্যার্থীরা।

এ সময় নৌকায় থাকা একজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লইট্টা খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম