খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন: অবহেলিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন: অবহেলিত

ছবি মোঃ হাসান মাহমুদ জয়

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম ।। জেলা সংবাদাতা 

আসন্ন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটিয়ে একটি জনবান্ধব, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার দীপ্ত শপথ নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এলাকার কৃতি সন্তান, উচ্চশিক্ষিত ও উদীয়মান তরুণ নেতা মো. বেলাল হোসেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে বি.এসসি (সম্মান) এবং এম.এসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। মেধা, সততা ও দূরদর্শিতার এক অনন্য সমন্বয় ঘটিয়ে তিনি বর্তমানে জাতীয় যুবশক্তি, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া গণমানুষের আস্থার প্রতীক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক এবং কুড়িগ্রাম-২ আসনের সম্মানিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি-র সরাসরি আশীর্বাদ, দিকনির্দেশনা ও সার্বিক সমর্থন তার এই যাত্রাকে আরও বেগবান করেছে।   
ভোগডাঙ্গা ইউনিয়নকে একটি ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়নে পরিণত করতে মো. বেলাল হোসেন অত্যন্ত সুচিন্তিত, সময়োপযোগী এবং ব্যাপকভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। নির্বাচিত হলে তিনি যেসকল গুরুত্বপূর্ণ ও সেবামূলক কার্যক্রমে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখবেন, তার একটি বিস্তারিত রূপরেখা নিচে তুলে ধরা হলো:
আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট উন্নয়ন: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দূর করতে কাঁচা রাস্তা পাকাকরণ, নতুন ও টেকসই রাস্তা নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। যাতায়াত ব্যবস্থাকে সহজ ও দ্রুততর করতে তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন, যাতে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হয়।   
নদী ভাঙন রোধে স্থায়ী ও মেগা প্রকল্প গ্রহণ: ভোগডাঙ্গা ইউনিয়নের একটি বড় অংশজুড়ে রয়েছে নদী তীরবর্তী অঞ্চল। প্রতিবছর নদী ভাঙনের কবলে পড়ে শত শত মানুষ তাদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এই ভয়াবহ সমস্যা থেকে এলাকাবাসীকে চিরতরে রক্ষা করতে সরকারি ও স্থানীয় পর্যায়ে স্থায়ী বাঁধ নির্মাণ, জিও ব্যাগ ফেলা এবং নদী শাসনমূলক কার্যকর মেগা প্রকল্প গ্রহণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে নিরবচ্ছিন্ন সেবা: সমাজের অবহেলিত, হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষদের জীবনমান উন্নয়নের জন্য সরকারি সকল অনুদান ও ভাতার কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের দলীয়করণ বা স্বজনপ্রীতি ছাড়াই প্রকৃত হকদারদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, শীত কিংবা বিপদের দিনে দিনরাত ২৪ ঘণ্টা গরিব-দুঃখী মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দেবেন তিনি।
হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা: সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদ বা অন্যান্য সরকারি সেবা নিতে এসে যাতে কোনো ধরনের দালাল চক্রের খপ্পরে না পড়েন কিংবা দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো ইউনিয়ন পরিষদ প্রশাসনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হবে, যাতে ঘরে বসেই মানুষ সেবা পেতে পারে।   
শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা: শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে স্থানীয় স্কুল, মাদ্রাসা ও মক্তবগুলোর মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখা হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক ও নানাবিধ সহযোগিতা প্রদান করা হবে, যাতে আর্থিক সংকটের কারণে কারো শিক্ষা জীবন থেমে না থাকে।   
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হবে।   
খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি (কালচার) চর্চার প্রসার: তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন করা হবে। পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটিয়ে যুবসমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করা হবে।   
মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: ইউনিয়নের সকল মসজিদ, ঈদগাহ মাঠ, মক্তব এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় শিক্ষার প্রসারে উদারহস্তে সহযোগিতা প্রদান করা হবে, যাতে একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠিত হতে পারে।
কৃষি উন্নয়ন ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা: ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজীবী মানুষের ভাগ্য বদলাতে সার, বীজ ও কৃষি প্রণোদনা সরাসরি কৃষকদের হাতে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হবে। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি জোরালো ভূমিকা পালন করবেন।   
নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা: নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প, হস্তশিল্প ও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারী ও শিশুদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ, ভয়হীন ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।   
জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন: ইউনিয়ন পরিষদের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ এবং বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সাধারণ জনগণের সরাসরি অংশগ্রহণ, মতামত ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে।   
এলাকাবাসীর প্রতি আন্তরিক আবেদন:
আসন্ন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মুরুব্বি, তরুণ সমাজ, মা-বোন, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের মূল্যবান দোয়া, সুপরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন মো. বেলাল হোসেন।   
তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন, "চেয়ারম্যান পদটি কোনো ক্ষমতার চেয়ার নয়, এটি হলো জনগণের সেবা করার একটি পবিত্র আমানত। বিগত দিনে যারা আপনাদের সেবা থেকে বঞ্চিত করেছে, তাদের পরিহার করে পরিবর্তনের পক্ষে রায় দিন। আসুন, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার বৃহত্তর স্বার্থে একসাথে গড়ি উন্নত, আধুনিক ও আদর্শ ভোগডাঙ্গা ইউনিয়ন। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন দিয়ে আমাকে আপনাদের খাদেম বা সেবক হিসেবে কাজ করার সুযোগ দিন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার মর্যাদা আমি রক্ষা করব


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

ছবি সাঁথিয়া (পাবনা)

সাঁথিয়া (পাবনা)।। জেলা সংবাদদাতা

দীর্ঘ ১৭ বছর পর পাবনার সাঁথিয়া উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি  । গত ১৫ নভেম্বর ১০৯ নং স্বারকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁঞা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্রের ২০২৪ মোতাবেক আগামী ৪ বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত এ কমিটিতে চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কে সভাপতি,সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দীনকে নির্বাহী সভাপতি ,  পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে । 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল হান্নান ও শাজাহান আলী সিনিয়র সহ-সভাপতি, জয়নুল আবেদীন, শামসুর রহমান, রেজাউল করিম নাজমুল হুদা নিজামী, শহীদুল্লাহ হোসেন সহ-সভাপতি, হারুনুর রশিদ, সৈয়দা বিউটি সিনিয়র যুগ্ম সম্পাদক, বশির আল হেলাল,  , আবু সাঈদ,জীবন নাহার আশা, যুগ্ম সম্পাদক,হেলাল উদ্দিন,ইকবাল বাহার সহ সাধারণ সম্পাদক,  কামরুন্নাহার ,সুমি খাতুন, মহিলা বিষয়ক -সম্পাদক, রাবেয়া বশরি সহ মহিলা সম্পাদক, জাহিদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক, খায়রুল আলম অর্থ সম্পাদক, মেহেদি হাসান সহ অর্থ সম্পাদক, রবিউল ইসলাম দপ্তর সম্পাদক, শোয়াইব হোসেন সহ সম্পাদক, হামিম রেজা ধর্ম সম্পাদক,আ:হালিম  সহধর্ম সম্পাদক, মোস্তাফিজুর রহমান জিকু  শিক্ষা সম্পাদক,বুলবুল আহমেদ সহ শিক্ষা সম্পাদক, দেলোয়ার হেসেন সাহিত্য সম্পাদক,মুস্তাফিজুর রহমান সহ-সাহিত্য সম্পাদক, নাজনীন  নাহার সাথী সাংস্কৃতি ও বিনোদন সম্পাদক, কিবরিয়া হোসেন সহ-সাংস্কৃতিক সম্পাদক, মাহবুবুর রহমান যোগাযোগ সম্পাদক,শাহিন হেসেন,সহ যোগাযোগ সম্পাদক,সায়াত উদ্দিন  প্রচার সম্পাদক,আবুবক্কার সিদ্দিক ক্রীড়া সম্পাদক,নুহ উল্লাহ মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন মিডিয়া সম্পাদক, হাসেম আলী মাউশি সম্পাদক,তোফাজ্জল হোসেন আইন সম্পাদক, শামীমা নাসরিন শিমুল আইসিটি সম্পাদক, আসাদুজ্জামান শাহিন সহ আইসিটি সম্পাদক, আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট  সম্পাদক, নাসির উদ্দিন স্কাউটিং সম্পাদক, আবুল আসাদ কল্যাণ সম্পাদক, মনিরুল ইসলাম পরিবেশ সম্পাদক,শফিকুল ইসলাম সমবায় সম্পাদক,আমেনা খাতুন,সারোয়ার হেসেন, সিহানু ইসলাম  কার্যকরী সদস্য। 
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ১৭ বছর পর সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এই কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় স্থানীয় শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে, যা আগামী দিনে শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে ড. ইউনূসের নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার বিষয়টি আরও উদ্বেগজনক। দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করছে এই ব্যাংক।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

তিনি আরও উল্লেখ করেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং তিনিই ব্যাংকটি পরিচালনা করেন। অথচ ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা বাধাগ্রস্ত না হয়।

ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সবশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়ে পুণ্যার্থীবাহী একটি নৌকা। পরে কোস্ট গার্ডের সহায়তায় নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী নৌকাটি।

পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন পুণ্যার্থীরা।

এ সময় নৌকায় থাকা একজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লইট্টা খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম