খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যোগফল প্রতিবেদক:

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল ফোনের টাওয়ার এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের টিনের বেড়া ও ছাউনি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার একটি ধানক্ষেতের পাশের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান আশিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার দুপুরে খালের অপর পাশে একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনরা মরদেহটি আশিকের বলে শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আশিকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আশিককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত আশিকের বোন নিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার কঠিন বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরপুর এলাকার মো. আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান চালানো হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে আনারুল ইসলাম কালুকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান থেকে মোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান বলেন, মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে এমন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে নির্ধারিত দাপ্তরিক কার্যালয়ে যোগাযোগ এবং হটলাইন ১০৫ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সময় প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইডি সংশোধনসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এ অবস্থায় এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবা ও প্রয়োজনীয় তথ্য জানতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন ১০৫ নম্বরে কল করে কথা বলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম