রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের শুনানি শুরু হাইকোর্টে
যোগফল প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে ওই রায়ের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একইসঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের পক্ষ থেকে নিয়মিত আপিল ও জেল আপিল করা হয়। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্ট থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারে হাইকোর্টেও আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার এক নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তার স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন