কালীগঞ্জে রেলস্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ
যোগফল প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন