খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

জাপানি কনসোর্টিয়াম তৃতীয় টার্মিনালের দায়িত্ব পাচ্ছে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাপানি কনসোর্টিয়াম তৃতীয় টার্মিনালের দায়িত্ব পাচ্ছে

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক: 


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কোম্পানি। এ লক্ষ্যে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি) বা জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরে জন্য কনসেশন চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে এবং আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে বাকি দুটি টার্মিনাল থেকে কিছু নির্দিষ্ট ফ্লাইট ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হবে বাংলাদেশকে। ঢাকায় এ বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের মধ্যে অন্য কোনো বিমানবন্দর চালু করতে পারবে না বাংলাদেশ। ফিজিবিলিটি স্টাডি অনুসারে ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন না থাকায় এ শর্ত মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সুমিতোমো করপোরেশন নেতৃত্বাধীন জাপানি এ কনসোর্টিয়ামে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ জাপানি সরকারি ও বেসরকারি সংস্থা যুক্ত রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি কোম্পানিটি আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দরকষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিংয়ের পর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড হবে ১৫ বছর। এজন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্তও রাখা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে এ খাতে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয়।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে। প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে টার্মিনাল-৩-এর পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলেও চুক্তির শর্ত রাখা হচ্ছে।

তৃতীয় টার্মিনাল চালু হলে বাকি দুটি টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধের শর্তও দেওয়া হয়েছে বাংলাদেশকে। তবে হজ ফ্লাইট, চার্টার্ড এবং বাজেট (কম খরচের বিমান) ফ্লাইটগুলো প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে চলাচল করবে। এ ছাড়া, দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানগুলোও প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে চলাচল করতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক এবং দুই নম্বর টার্মিনাল থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। বছরে এ দুটি টার্মিনালের যাত্রী পরিচালন ক্ষমতা প্রায় ৮০ লাখ। আর তৃতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী পরিচালন ক্ষমতা ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিমানমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া, ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করাও কঠিন, তাই শর্ত মেনে নিয়েছি। এতে খুব একটা ব্যাকফুটে আছি এমন নয়। পুরোদমে বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।’

বিমানমন্ত্রী বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে। ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 

advertisement
advertisement

বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদাদাতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রবেশমুখে নির্মিত ‘বেলকুচিতে স্বাগতম’ তোরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। 
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাইঝাইল গ্রামে এ তোরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার প্রবেশমুখে নির্মিত দৃষ্টিনন্দন তোরণটি বেলকুচিতে আগত অতিথি ও পথচারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপজেলার পরিচিতি তুলে ধরবে। এর মাধ্যমে বেলকুচির সৌন্দর্য ও ঐতিহ্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তোরণের ফলক থেকে জানা যায়, ‘স্বাগতম’ তোরণটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। স্থানীয়দের মতে, উপজেলার প্রবেশপথে এমন একটি তোরণ নির্মাণ বেলকুচির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।

পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

ছবি যোগফল


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।