শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ সড়কটির নামফলক উন্মোচন করে।
সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা- বেগম খালেদা জিয়া ওয়ে’। এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। এর আগে ২০১৪ সালে তার উদ্যোগেই শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। প্রকল্পের উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া এবং অফিস সম্পাদক শাকির ভূঁইয়া।
এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ ডাউনটাউন শিকাগোর উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) সামনে একটি সড়কের সম্মানসূচক নাম ‘গণতন্ত্রের মা- বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এর সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ উদ্যোগের বিষয়ে শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।’
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন