খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই আসামির জামিন, ভারতে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

যোগফল প্রতিবেদক:

২০০২ সালে গুজরাটে মুসলিমবিরোধী সহিংসতার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির সাজা স্থগিত করে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে ভুক্তভোগীকে না জানিয়ে বা তাঁর বক্তব্য না শুনে দেওয়া এ আদেশের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য ও সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে কংগ্রেস নেতা পবন খেরা মন্তব্য করেছেন, মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই বিলকিস বানোকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে বিলকিস বানো জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি আদালতের আদেশের বিষয়টি জানতে পেরেছেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

বিলকিস বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না, দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে, আমার বক্তব্য না শুনেই আদেশ দিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই বিষয়টি জেনেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আবারও আতঙ্কিত হয়ে পড়েছি। নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য। ভয় হচ্ছে, ন্যায়বিচারের প্রতি আবারও বিশ্বাস হারিয়ে ফেলব।’

মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই এমন আচরণ: কংগ্রেস নেতা

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য পবন খেরা বলেন, বিলকিস বানোকে নতুন করে অপমান ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, ‘তার ওপর সংঘটিত নিষ্ঠুর ও ভয়াবহ অপরাধই যথেষ্ট ছিল না, এখন তাকে নতুন করে অপমান ও মানসিক আঘাত সহ্য করতে হচ্ছে। নারী হওয়ার কারণেই একজনকে এই মূল্য দিতে হয়, আর মুসলিম হলে তা আরও বেশি।’

ঘটনার সময় নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উল্লেখ করে পবন খেরা বলেন, নির্ভয়া ধর্ষণ মামলার মতো বিলকিস বানো মামলাও নারীর নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহি নিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া উচিত ছিল।

নির্ভয়া মামলার পর সরকার বিচারপতি জে এস ভার্মা কমিটি গঠন এবং ২০১৩ সালে ফৌজদারি আইন সংশোধন করলেও বিলকিস বানোর ক্ষেত্রে তেমন কোনো ক্ষোভ বা পদক্ষেপ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

পবন খেরা বলেন, ‘কেন এমন হলো? কারণ তিনি মোদির ভারতে একজন মুসলিম। এটাই তার অপরাধ।’

কংগ্রেসের আরেক সংসদ সদস্য ড. সৈয়দ নাসির হুসাইনও আদালতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিলকিস বানোকে জানানো হয়নি, তাঁর বক্তব্যও শোনা হয়নি। একজন নির্যাতিতার কষ্ট, ন্যায়বিচারের জন্য দীর্ঘ সংগ্রাম ও মর্যাদাকে এভাবে উপেক্ষা করা যায় না।

বিলকিস বানোর ন্যায়বিচারের লড়াইয়ে সংহতি প্রকাশ করে তিনি বলেন, কোনো নারী ও তাঁর পরিবারকে এমন ভয়াবহ নির্যাতন এবং স্বজন হারানোর যন্ত্রণা ভোগ করতে হওয়া উচিত নয়।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে সীমান্তের বেনীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ বাংলাদেশিসহ আটক ৪

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাংলাদেশিরা হলেন, নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম