খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। এ ছাড়া শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সশস্ত্র বাহিনীর নতুন বেতন-ভাতার গেজেট প্রকাশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সশস্ত্র বাহিনীর নতুন বেতন-ভাতার গেজেট প্রকাশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে তৈরি এ নির্দেশাবলি সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে সরকার।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।

রোববার (১৫ নভেম্বর) রাতে গেজেটটি প্রকাশ করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেছেন।

নির্দেশনায় সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এটি সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪ অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এ সময় নিম্নচাপটির কেন্দ্র ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে

প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় কারও বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে।

গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বানও রয়েছে প্রস্তাবে।

পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের সংখ্যা কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম