খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি ও অঙ্গসংগঠনকে তারেক রহমানের নির্দেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি ও অঙ্গসংগঠনকে তারেক রহমানের নির্দেশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বরং ডিসেম্বর মাসকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ডিসেম্বর মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা তৎপরতার মধ্যে বিএনপি এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্র আরও জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে কোনো দলের কর্মসূচি প্রতিহত করার উদ্যোগও নেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে গোপালগঞ্জের ঘটনা নিয়েও কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট অভিমুখে আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করা হয়েছে। ব্যবস্থাপনার জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, চার দিনের কর্মসূচির শেষ অংশ হিসেবে ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল। সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সার্বিক ব্যবস্থাপনার জটিলতা এবং জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে লংমার্চটি স্থগিত করা হয়েছে।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, জনগণের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব দাবি জনবান্ধব এবং সাধারণ মানুষের মনের কথা। কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকার উল্টো পথে চলতে শুরু করেছে। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিকতা না দেখালে জাতীয় ঐক্য সম্ভব নয়।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের জামাই আদরে আপ্যায়িত করার অভিযোগ তুলে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদের প্রতি আনুকূল্যের বিষয়টি প্রমাণিত হচ্ছে।

দাবি বাস্তবায়নে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান হামিদুর রহমান আজাদ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে পোস্ট, সমালোচনার মুখে আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে পোস্ট, সমালোচনার মুখে আসিফ মাহমুদ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পরপর দুটি পোস্ট দেন তিনি। সেখানে আসিফ মাহমুদ দাবি করেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হোক। তার ভাষ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান পরিস্থিতি শতগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে ফেসবুক পোস্ট দুটির মন্তব্যের ঘরে সাধারণ ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান।

কেউ কেউ তার আগের দায়িত্ব পালন ও ১৮ মাসের কার্যকাল নিয়ে প্রশ্ন তোলেন। মন্তব্যের ঘরে দেখা যায়, ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’ এবং ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’—এমন কটাক্ষমূলক মন্তব্য।

এ ছাড়া অনেকে হাস্যরসাত্মক মন্তব্যের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালন ও কার্যক্রম নিয়েও নিজেদের মতামত প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসিফ মাহমুদের দেওয়া পোস্ট দুটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের শুনানি শুরু হাইকোর্টে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের শুনানি শুরু হাইকোর্টে

যোগফল প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে ওই রায়ের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একইসঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের পক্ষ থেকে নিয়মিত আপিল ও জেল আপিল করা হয়। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্ট থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারে হাইকোর্টেও আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার এক নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তার স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম