খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

নিজেকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণের খরচ নিয়ে চিন্তিত? তাদের জন্য সুযোগ রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচিতে। সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত এসব কর্মসূচির আওতায় বিনা খরচে গাড়ি চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শুধু প্রশিক্ষণ নয়, নির্দিষ্ট কর্মসূচিতে প্রশিক্ষণ শেষে সনদ, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং উপস্থিতির ভিত্তিতে ভাতা পাওয়ার সুযোগও রয়েছে। আগ্রহীরা কীভাবে আবেদন করবেন, কারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং কী কী কাগজপত্র প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।

কোন কোন কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে?

বিআরটিসি মূলত দুটি প্রকল্পের আওতায় বিনামূল্যে চালক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে।

১. বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (BRSP): বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরি এবং আগে থেকে পেশায় থাকা চালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে চার মাস মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

২. স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP): এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় নতুন চালকদের হালকা মোটরযান চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে SICIP কর্মসূচির ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১১টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ পর্যায়ে ৭০০ জনকে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম পাঁচ পর্যায়ে ইতোমধ্যে ৩ হাজার ৫০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কারা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন?

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের ১২ এপ্রিল ২০২৬ তারিখের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যোগ্যতা ও শর্তগুলো হলো—

  • বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।

  • কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।

  • শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ গ্রহণের উপযুক্ত হতে হবে।

  • আগে থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে না।

  • নারী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

তবে SICIP ও BRSP প্রকল্পের প্রতিটি পর্যায়ের যোগ্যতার শর্ত এক নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পর্যায়ের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

আবেদন করতে যেভাবে যা করবেন

বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: বিজ্ঞপ্তি সংগ্রহ

প্রথমে বিআরটিসির ওয়েবসাইটে প্রবেশ করে প্রশিক্ষণসংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে কোন কোন কেন্দ্রে ভর্তি চলছে, আবেদনের সময়সীমা, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পাওয়া যাবে।

ওয়েবসাইট: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)

দ্বিতীয় ধাপ: আবেদন ফরম সংগ্রহ

নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্র থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কোনো কোনো কর্মসূচিতে ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে। ২০২৬ সালের BRSP বিজ্ঞপ্তিতে বিআরটিসির ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহের কথা বলা হয়েছিল।

তৃতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত

আবেদনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়—

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

  • শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।

  • সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

  • নিবন্ধিত চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট (সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ফরম-২ অনুযায়ী)।

  • বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র।

চতুর্থ ধাপ: আবেদন জমা ও বাছাই

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

পঞ্চম ধাপ: প্রশিক্ষণে অংশগ্রহণ

নির্বাচিত হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশ নিতে হবে। এতে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি গাড়ি চালানোর ব্যবহারিক প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

প্রশিক্ষণ চলাকালে কী কী সুবিধা পাওয়া যাবে?

বিআরটিসির এসব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা।

  • বিনামূল্যে প্রশিক্ষণ: ড্রাইভিং ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

  • ব্যবহারিক শিক্ষা: দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে গাড়ি চালানোর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

  • আর্থিক সহায়তা: SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণে উপস্থিতির ভিত্তিতে ৮ হাজার টাকা পরিবহন ভাতা ও ৪ হাজার টাকা আপ্যায়ন ভাতার ব্যবস্থা রয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

  • প্রশিক্ষণ সনদ: সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে সনদ দেওয়া হবে।

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স: নির্ধারিত শর্ত ও পরীক্ষায় উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা রয়েছে।

কোথায় যোগাযোগ করবেন?

দেশের বিভিন্ন অঞ্চলে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্র রয়েছে। আগ্রহীরা নিজেদের নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করে পরবর্তী ব্যাচের ভর্তি ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।

ঢাকায় যোগাযোগের ঠিকানা:

  • বিআরটিসি কেন্দ্রীয় কার্যালয়: ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।

  • তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট: ৩২, শহীদ ক্যাপ্টেন মাহবুব সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮।

  • যোগাযোগ নম্বর: ০২-২২২২৫১৯৫৬, ০২৯২৪৮-২০৩৯৬৩।

এ ছাড়া বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইট ও ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম থেকে প্রশিক্ষণসংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

এখনই কি আবেদন করা যাবে?

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি। ২০২৬ সালের ১২ এপ্রিল প্রকাশিত BRSP প্রকল্পের ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ এপ্রিল। অন্যদিকে SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৬।

ফলে এসব পর্যায়ের পুরোনো বিজ্ঞপ্তি দেখে এখন আবেদন করতে যাওয়া ঠিক হবে না। আগ্রহীদের পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিআরটিসির ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের নোটিশ অনুসরণ করতে হবে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

সব মিলিয়ে, যারা পেশাদার চালক হিসেবে কর্মজীবন গড়তে চান, তাদের জন্য বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে তরুণ, নারী ও নতুন চালকদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের পথ তৈরিতে এ উদ্যোগ সহায়ক হতে পারে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

নিজস্ব।। জেলা সংবাদদাতা


নিজস্ব।। জেলা সংবাদদাতা

একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাদিয়া খাতুন  বগুড়ার গাবতলী  এলাকার মেয়ে আর আল আমিন খন্দকার ধানগড়ায় ছেলে । বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংসারে শুরু হয় নানা অশান্তি ও দূরত্ব।

সাদিয়ার অভিযোগ, স্বামী আল আমিন খন্দকার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানো ও পারিবারিক দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে থাকেন তিনি। বিষয়টি জানার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

সাদিয়ার ভাষ্যমতে, প্রায় ২৩ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান স্বামী। তিনি এখনো সংসার করতে চান এবং সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পাওয়ার আশা করছেন। তবে তার অভিযোগ, স্বামী আর সংসার করতে আগ্রহী নন।

এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ সফল হয়নি বলে দাবি করেছেন সাদিয়া। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া ও মামলা চলমান রয়েছে।

অসহায় অবস্থায় নিজের সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা জানিয়ে তিনি আমাদের কাছে সহযোগিতা ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই ঘটনার বিস্তারিত ও সাদিয়ার বক্তব্য নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন।

পরবর্তী পর্বে থাকছে তার করা আরও কিছু অভিযোগ ও সংসার ভাঙনের পেছনের ঘটনা।

নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি পোরশা (নওগাঁ)।। জেলা সংবাদদাতা


পোরশা (নওগাঁ)।। জেলা সংবাদদাতা  

ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসায় ইবতেদায়ি চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআনের উদ্বোধনী সবক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।রবিবার (১৫ নভেম্বর ২০২৬) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের উদ্বোধনী সবক প্রদান করেন। পাশাপাশি তিনি তাঁর রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। আল-কুরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হিদায়াতের গ্রন্থ। এটি শুধু তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কুরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করলে একজন মানুষ সত্য, ন্যায়, সততা ও মানবিকতার পথে পরিচালিত হতে পারে।এ সময় শিক্ষার্থীদের নিয়মিত কুরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণে কুরআন শিক্ষা, নামাজের প্রতি যত্নশীল হওয়া, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং উত্তম চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইসলামী জীবনব্যবস্থায় তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া মানুষকে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, সংযম ও সৎকর্মের পথে পরিচালিত করে এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। বইটি পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও তাকওয়াভিত্তিক জীবন গঠনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

 তুলি আক্তার / অনলআন ডেস্ক যোগফল কম .

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা

লুৎফর সিকদার।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

লুৎফর সিকদার।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা


শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী শহরের আশপাশে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।

এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়েছে।

গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। এতে দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের কারণে শহরের বিভিন্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এ ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তুলি আক্তার অনলাইন ডেস্ক যোগফল. কম