আইএমএফের ঋণ কর্মসূচি বন্ধ হচ্ছে না, জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্বাভাবিক হবে: অর্থমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বরং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচি সমন্বয়ের কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ করে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় শেষ করে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছেন তিনি।
আইএমএফের সঙ্গে আগের সরকারের সময়ে করা ঋণ কর্মসূচির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সব উন্নয়ন সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে বলে যে আলোচনা চলছে, তা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ঋণের শর্ত ও কর্মসূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে কার্যদল দুটির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রীর ভাষ্য, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করা সরকারের লক্ষ্য নয়। বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
এর আগে, ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ-২০২৬’-এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন