ঘোড়াঘাটে বাড়ির দরজায় প্রবাসীর মরদেহ, হত্যার রহস্য নিয়ে ধোঁয়াশা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে রহস্য।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
জানা গেছে, রফিকুল মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে এবং বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও ভাইকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন