আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে হাজারো মানুষের বিক্ষোভ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
আবাসন সংকট ও বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের কয়েক ডজন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৪ নভেম্বর) রাজধানী লিসবন, পোর্তোসহ বিভিন্ন শহরে আয়োজিত এসব সমাবেশ থেকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা এবং সরকারি উদ্যোগে আরও আবাসন নির্মাণের দাবি জানানো হয়।
‘এখানে বসবাসের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না’—এই স্লোগানে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, মানুষের আয় না বাড়লেও আবাসন ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। বাড়ির মালিকদের ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর সুযোগ সীমিত করা এবং আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগ বন্ধের দাবিও জানান তারা।
পোর্তোর বিক্ষোভে আবাসন অধিকার আন্দোলন ‘কাসা পারা ভিভের’-এর প্রতিনিধি রাকেল ফেরেইরা বলেন, মানুষের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন, জল্পনামূলক ব্যবসার জন্য নয়। এ সংকট সমাধানে সরকারি আবাসন নির্মাণ এবং বাড়িভাড়া কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে পর্তুগাল সরকার সম্প্রতি একটি নতুন আবাসন বিল গ্রহণ করেছে। এতে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, অগ্রিম জামানত ও বেশি ভাড়া নেওয়ার সুযোগ এবং ১৯৯০ সালের আগের ভাড়ার চুক্তির নিয়ম পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
সরকারের দাবি, এসব পদক্ষেপের ফলে ভাড়ার বাজারে আরও বাড়ি আসবে। তবে বামপন্থি ব্লকের সমন্বয়ক হোসে ম্যানুয়েল পুরেজা বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের আশঙ্কা, নতুন আইন কার্যকর হলে ভাড়াটিয়াদের আবাসন নিরাপত্তা আরও দুর্বল হয়ে পড়বে।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পর্তুগালে আয়ের তুলনায় আবাসন ব্যয় বেড়েছে ৬০ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ২০২০ সালের পর থেকে দেশটিতে বাড়িভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। বিশেষ করে রাজধানী লিসবন ও পোর্তোতে আবাসন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছে।
অর্থনীতিবিদদের মতে, পর্যটন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, গোল্ডেন ভিসা কর্মসূচি এবং স্বল্পমেয়াদি ভাড়ার জন্য আবাসিক বাড়ি ব্যবহারের প্রবণতা আবাসন সংকটের অন্যতম কারণ। এ পরিস্থিতিতে আন্দোলনকারীরা গোল্ডেন ভিসা ও ডিজিটাল যাযাবরদের জন্য দেওয়া বিশেষ সুবিধা বন্ধ এবং আবাসন তহবিলের কর ছাড় প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সংকট মোকাবিলায় সরকার নতুন বাড়ি নির্মাণে কর কমানো এবং ১ লাখ ৪৫ হাজার নতুন আবাসন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন