ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচে আগুন, আতঙ্ক
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত আগুন বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় স্থানীয় এক ব্যক্তি পারিবারিক নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি খননের একপর্যায়ে নিচ থেকে আগুন বের হতে শুরু করে। আগুনের প্রবাহ বেশি হওয়ায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলের কাছের একটি রেস্তোরাঁয় কাজ করেন আবদুল্লাহ আল মামুন নামের এক যুবক। তিনি বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশেই তার বাসা। হঠাৎ আগুন দেখে তিনি ভয় পেয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন