সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, নিন্দা জামায়াতের
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সাংবাদিককে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এ ধরনের নির্যাতন ও হুমকির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
বিবৃতিতে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগের বরাতে বলা হয়, তাকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্যও তাকে হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
একই সঙ্গে সাংবাদিকের ধারণ করা কোনো আপত্তিকর ভিডিও বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী উপাদান যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভয়ভীতি দেখিয়ে কিংবা নির্যাতন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বন্ধ করতে হবে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক মহিন উদ্দিন রিপনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন