পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল আহমদকে আটক করেছে পুলিশ। একই হামলায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়।
নিহত আফতাব উদ্দিন উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে আফতাব ও তার সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান।
রাত সাড়ে ১২টার দিকে তারা মাছ ধরার সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে আফতাব ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি জানান, পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত আফতাব উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার চাচাতো ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন