গৌরীপুরে ব্যারাকে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ শেষে থানার ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে রুকন মিয়া (৫৯) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুকন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে। তিনি ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন।
জানা গেছে, সোমবার রাতে গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে ব্যারাকে ফিরে যান রুকন মিয়া। এ সময় শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি নেবুলাইজার গ্রহণ করছিলেন। একপর্যায়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে কনস্টেবল রুকন মিয়া থানার ব্যারাকে নেবুলাইজার গ্রহণের সময় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন