খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক, ১৪৩৩

বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

ছবি যোগফল

বিনোদন প্রতিবেদন | যোগফল অনলাইন 

মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটি ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তাঁরা উভয়ই বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক নেতৃবৃন্দ, মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটের সভাপতি শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক মেজবাহ আহমেদ সহ অনান্য নেতৃবৃন্দকে সাথে  নিয়ে লাবণ্য মিডিয়া হাউজ এর স্টল পরিদর্শন এবং কুশল বিনিময় করেন। সিটি করপোরেশনের প্রশাসক লাবণ্য মিডিয়া হাউজের নির্মিত হেদায়েত তুর্কীর রচনা ও পরিচালনার ধারাবাহিক নাটক বেগমপাড়া নিয়ে আলোচনা এবং সন্তুষ্ট প্রকাশ করেন। 

এ-সময় লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পরিচালক ও প্রযোজক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, ব্যবস্থাপক মুজাদ্দিদ হোসেন অনুরাগ, সহকারী ব্যবস্থাপক ও সহকারী পরিচালক শাহীন আহমেদ রাজ, বেগমপাড়া নাটকের অভিনেতা আলমগীর কবির, মোঃ মাজহারুল ইসলাম, ইকে পারভেজ, আফিফ খান, ঈসমাইল হোসেন পলাশ, আরাফাত হিমেল ঐন্দ্রিলা, নূর হালিজা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটের কর্মশালার কুইজ প্রতিযোগিতার গিফট পার্টনার হিসেবে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজ, টেকশেল এবং এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড। লাবণ্য মিডিয়া হাউজ স্টলে দিনব্যাপি আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি আপ্যায়নের ব্যবস্থা করেন। 

উল্লেখ্য লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত বেগমপাড়া নাটকটি প্রতি সোম মঙ্গল এবং বুধবার রাত দশটায় একুশে টেলিভিশনের পর্দায় প্রচারিত হয় এবং দর্শকদের জন্য আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ৪ ফার্মেসিকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ৪ ফার্মেসিকে জরিমানা

ছবি যোগফল প্রতিনিধি

এম. জালাল উদ্দীন ।।পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বোয়ালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স দেবী ফার্মেসি, মেসার্স ইমরান ফার্মেসি, মেসার্স রহিম ফার্মেসি ও মেসার্স রোজিনা ফার্মেসিকে মোট আঠারো হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, ইউএনও কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাসের হাইড্রোলিক জ্যাকে ২৮ হাজার ৮০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাসের হাইড্রোলিক জ্যাকে ২৮ হাজার ৮০০ ইয়াবা, গ্রেপ্তার ১

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগ এ তথ্য জানায়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় নাহার স্কেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসে মাদক নিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ করছেন এক কারবারি। এ তথ্যের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ রাজাখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিশেষ কৌশলে ইয়াবাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, জালাল উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকলিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে একই আইনে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৪ আগস্ট ঢাকার মতিঝিল থানায় এবং ২০১৭ সালের ৯ জুলাই কক্সবাজার সদর থানায় মামলা হয়েছিল।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, নিন্দা জামায়াতের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, নিন্দা জামায়াতের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সাংবাদিককে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এ ধরনের নির্যাতন ও হুমকির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগের বরাতে বলা হয়, তাকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্যও তাকে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

একই সঙ্গে সাংবাদিকের ধারণ করা কোনো আপত্তিকর ভিডিও বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী উপাদান যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভয়ভীতি দেখিয়ে কিংবা নির্যাতন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক মহিন উদ্দিন রিপনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম