খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক, ১৪৩৩

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

যোগফল প্রতিবেদক: 

কানাডায় উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির সুযোগ। অন্টারিও প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য দেওয়া হয় অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ (ওজিএস)। এ বৃত্তির আওতায় পরপর তিনটি স্টাডি টার্মের জন্য সর্বোচ্চ ১৫ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করে। তবে আবেদনকারীদের যোগ্যতা, আবেদনের সময়সীমা এবং বৃত্তির শর্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্ন হতে পারে।

বৃত্তিতে যেসব সুবিধা

অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পরপর দুইটি স্টাডি টার্মের জন্য ১০ হাজার কানাডিয়ান ডলার এবং পরপর তিনটি স্টাডি টার্মের জন্য ১৫ হাজার কানাডিয়ান ডলার পেতে পারেন।

এ ছাড়া এ বৃত্তি শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে যোগাযোগ তৈরি, একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ করে দেয়।

যেসব ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে

অন্টারিও প্রদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির সুযোগ রয়েছে, সেগুলো হলো—

১. ব্রক ইউনিভার্সিটি
২. কার্লটন ইউনিভার্সিটি
৩. ইউনিভার্সিটি অব গুয়েলফ
৪. লেকহেড ইউনিভার্সিটি
৫. লরেনশিয়ান ইউনিভার্সিটি
৬. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি
৭. নিপিসিং ইউনিভার্সিটি
৮. ওসিএডি ইউনিভার্সিটি
৯. অন্টারিও টেক ইউনিভার্সিটি
১০. ইউনিভার্সিটি অব অটোয়া
১১. কুইন্স ইউনিভার্সিটি
১২. টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি
১৩. ইউনিভার্সিটি অব টরন্টো
১৪. ট্রেন্ট ইউনিভার্সিটি
১৫. ইউনিভার্সিটি অব ওয়াটারলু
১৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
১৭. উইলফ্রিড লরিয়ার ইউনিভার্সিটি
১৮. ইউনিভার্সিটি অব উইন্ডসর
১৯. ইয়র্ক ইউনিভার্সিটি।

আবেদনের যোগ্যতা 

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে অংশগ্রহণকারী কোনো অন্টারিও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে কিংবা সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির পরিকল্পনা থাকতে হবে। বৃত্তি পাওয়ার সময় পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার শর্তও প্রযোজ্য।


এ ছাড়া আবেদনকারীকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম জিপিএ, একাডেমিক ফলাফল এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে অতিরিক্ত শর্ত থাকতে পারে।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে, সেগুলো হলো—

  • পূরণ করা আবেদনপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • সুপারিশপত্র

  • জীবনবৃত্তান্ত (সিভি)

  • মোটিভেশন লেটার বা ব্যক্তিগত উদ্দেশ্যপত্র

  • পরিচয়পত্র বা পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য

তবে সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা যাচাই করা জরুরি।

আবেদন করবেন যেভাবে

প্রথমে পছন্দের বিষয় ও প্রোগ্রাম অনুযায়ী অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ওয়েবপেজে গিয়ে ওজিএস বৃত্তির আবেদনপদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদনের শেষ সময় সম্পর্কে জানতে হবে।

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়া প্রয়োজন।

কানাডায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ একটি সম্ভাবনাময় সুযোগ। তবে আবেদন করার আগে বৃত্তির শর্ত ও যোগ্যতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক তথ্য যাচাই করা উচিত।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেলকুচিতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সম্মাননা ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সম্মাননা ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি যোগফল প্রতিনিধি

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন ভাতুরিয়া দক্ষিণ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ডিগ্রি কলেজ এর সভাপতি ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শেখ ফরিদ উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, ভাতুড়িয়া দক্ষিণ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, অত্র বিদ্যালয়ের সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর সম্প্রতি অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও নবগঠিত কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিনতলাবিশিষ্ট স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণের লক্ষ্যে মাটির পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপকূলীয় শহর জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় শিববাটি মন্দির ও শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় প্রস্তাবিত এ স্থাপনার নির্মাণকাজের প্রস্তুতির অংশ হিসেবে সয়েল টেস্ট করা হয়।

প্রস্তাবিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি নির্মিত হলে একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকার মানুষের আশ্রয়ের ব্যবস্থা হবে।

উপকূলীয় জনপদে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ, সুরক্ষায় বিশেষ উদ্যোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ, সুরক্ষায় বিশেষ উদ্যোগ

ছবি যোগফল প্রতিনিধি

এম জালাল উদ্দীন | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তেমনি একটি সড়ক নির্মাণের চেয়ে সেটির স্থায়িত্ব রক্ষা করাও কম গুরুত্বপূর্ণ নয়। সড়ক নির্মাণের পাশাপাশি এর দুই পাশে গাছ লাগানো এবং চারাগুলো সুরক্ষায় বেড়া দেওয়ার মধ্য দিয়ে সেই দায়িত্বশীলতার দৃষ্টান্ত দেখা গেছে খুলনার পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

উপকূলীয় শহর জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ করা হয়নি; সেগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য চারপাশে চাঁচের বেড়া দিয়ে সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে।

পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁকড়া সমিতির কার্যালয় থেকে পুরাতন খাদ্যগুদাম পর্যন্ত প্রায় ৭১০ মিটার দীর্ঘ বিসি (বিটুমিনাস কার্পেটিং) সড়কটি ছয় মাস আগে নির্মাণ করা হয়। সম্প্রতি সড়কটির দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলো রক্ষায় বেড়া দেওয়া হয়েছে।

সড়কের পাশে বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখবে। পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সড়কটির দুই পাশ সবুজে সুশোভিত হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নতুন সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। এ ছাড়া সোলাদানার দুটি এবং গড়ইখালীর একটি সড়কের পাশেও একইভাবে বৃক্ষরোপণ করা হয়েছে।