পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ, সুরক্ষায় বিশেষ উদ্যোগ
বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
এম জালাল উদ্দীন | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তেমনি একটি সড়ক নির্মাণের চেয়ে সেটির স্থায়িত্ব রক্ষা করাও কম গুরুত্বপূর্ণ নয়। সড়ক নির্মাণের পাশাপাশি এর দুই পাশে গাছ লাগানো এবং চারাগুলো সুরক্ষায় বেড়া দেওয়ার মধ্য দিয়ে সেই দায়িত্বশীলতার দৃষ্টান্ত দেখা গেছে খুলনার পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।
উপকূলীয় শহর জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ করা হয়নি; সেগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য চারপাশে চাঁচের বেড়া দিয়ে সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁকড়া সমিতির কার্যালয় থেকে পুরাতন খাদ্যগুদাম পর্যন্ত প্রায় ৭১০ মিটার দীর্ঘ বিসি (বিটুমিনাস কার্পেটিং) সড়কটি ছয় মাস আগে নির্মাণ করা হয়। সম্প্রতি সড়কটির দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলো রক্ষায় বেড়া দেওয়া হয়েছে।
সড়কের পাশে বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখবে। পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সড়কটির দুই পাশ সবুজে সুশোভিত হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নতুন সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। এ ছাড়া সোলাদানার দুটি এবং গড়ইখালীর একটি সড়কের পাশেও একইভাবে বৃক্ষরোপণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন