খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

তামিমের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তামিমের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

 যোগফল প্রতিবেদক:

দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার। বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের ৩৩৪ রান। সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন হৃদয়। ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার পরও তিনি ব্যাটিং চালিয়ে যান এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৩২৮ রানে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’। মাত্র ১৩৫ রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক হৃদয়। জাকের আলী অনিকের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বের করে আনেন তিনি।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গেও বড় জুটি গড়েন হৃদয়। সাইফউদ্দিন ৮৭ রান করে আউট হলেও হৃদয় অবিচল থেকে যান। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৪৭১/৬, তখনও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের চেয়ে ৪১ রানে পিছিয়ে ছিল।

এর আগে হৃদয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ছিল ২১৭ রান। এবার ট্রিপল সেঞ্চুরি করে নিজের সেই রেকর্ড তো বটেই, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। এই কীর্তির মধ্য দিয়ে দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন বাংলাদেশ ‘এ’ দলের এই অধিনায়ক।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

যোগফল প্রতিবেদক:

ক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মুদ্রানীতির পরবর্তী গতিপথ সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমেছে। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় সোমবার স্বর্ণের বাজারে লেনদেনের পরিমাণ তুলনামূলক কম ছিল।

স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শুক্রবার প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর বন্ডের সুদহার বেড়েছে। পাশাপাশি ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

হ্যানসেনের মতে, সোমবারের লেনদেনে স্বর্ণের দাম দুইবার প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নামার পর ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। বাজারে ৪ হাজার ৩২০ ডলারের কাছাকাছি দামকে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, দাম ৪ হাজার ৫০০ ডলারের ওপরে উঠলে বিক্রির চাপ বাড়তে পারে।

ফেডের সুদের হার নিয়ে বাজারের নজর

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।

বাজারে এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবার প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের দিকে নজর রয়েছে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর দাম

সপ্তাহান্তে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তেলের দাম বেড়েছে। একই সময়ে ইরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় এলাকায় একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথের মানচিত্র ঘোষণা করা হবে। এতে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে সুদ বা আয় না দেওয়া স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে উঠেছে। 

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকা থেকে তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দলটির জানায়, আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-ইউ-১৩ অনুযায়ী আবেদন করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন আবেদনটি অনুমোদন করেছে বলে জানিয়েছে এনসিপি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় তার ভোটার স্থানান্তরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সন্তান নেশায় জড়িয়েছে, বুঝবেন যেসব লক্ষণে

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সন্তান নেশায় জড়িয়েছে, বুঝবেন যেসব লক্ষণে

 যোগফল প্রতিবেদক:

বয়ঃসন্ধিকালে সন্তানদের আচরণে নানা ধরনের পরিবর্তন দেখা যায়। এ সময় অনেক অভিভাবক সন্তানের হঠাৎ রাগ, একাকীত্ব বা পড়াশোনায় অনীহাকে বয়সসন্ধিকালের স্বাভাবিক পরিবর্তন বলে মনে করেন। তবে এসব পরিবর্তনের কিছু নেশায় জড়িয়ে পড়ার প্রাথমিক সংকেতও হতে পারে। তাই সন্তানের আচরণ ও দৈনন্দিন জীবনযাপনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

পড়াশোনায় ব্যর্থতা, পারিবারিক অশান্তি, বন্ধুদের সঙ্গে সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ, বিষণ্ণতা কিংবা হীনম্মন্যতার মতো বিভিন্ন কারণে কিশোর-কিশোরীরা মাদকের দিকে ঝুঁকতে পারে। শুরুতে বিষয়টি পরিবারের সদস্যদের অজানাই থেকে যায়। তবে কিছু আচরণগত ও শারীরিক পরিবর্তন নিয়মিত খেয়াল করলে দ্রুত সতর্ক হওয়া সম্ভব।

আচরণে যেসব পরিবর্তন দেখা দিতে পারে

সন্তান আগে যে কাজগুলো করতে পছন্দ করত, সেগুলোর প্রতি হঠাৎ আগ্রহ হারিয়ে ফেলছে কি না, তা লক্ষ্য করুন। প্রিয় শখ থেকে দূরে সরে যাওয়া, বন্ধুদের এড়িয়ে চলা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর বদলে একা থাকতে চাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

এ ছাড়া অল্পতেই রেগে যাওয়া, খিটখিটে মেজাজ, কথায় কথায় চিৎকার করা, তুচ্ছ বিষয়ে মন খারাপ করা কিংবা হঠাৎ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়াও সতর্ক হওয়ার কারণ হতে পারে।

পড়াশোনায় হঠাৎ ফলাফল খারাপ হওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা, নিয়মিত স্কুল-কলেজে না যাওয়া এবং দৈনন্দিন কাজের প্রতি আগ্রহ কমে যাওয়ার বিষয়গুলোও অভিভাবকদের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

গোপনীয়তা ও অর্থ ব্যয়ের পরিবর্তন

সন্তান ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় অস্বাভাবিক গোপনীয়তা অবলম্বন করছে কি না, সেদিকেও নজর রাখা প্রয়োজন। নিজের কর্মকাণ্ড সম্পর্কে মিথ্যা বলা, কার সঙ্গে সময় কাটাচ্ছে তা গোপন করা কিংবা হঠাৎ অতিরিক্ত হাতখরচ চাওয়ার প্রবণতা দেখা দিলেও সতর্ক হতে হবে।

কখনও কখনও অতিরিক্ত রাগের পাশাপাশি জিনিসপত্র ছুড়ে মারা, ভাঙচুর করা বা পরিবারের সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করার মতো পরিবর্তনও দেখা দিতে পারে।

শারীরিক পরিবর্তনও গুরুত্বপূর্ণ

নেশায় জড়িয়ে পড়লে আচরণের পাশাপাশি শারীরিক পরিবর্তনও দেখা দিতে পারে। যেমন—রাতে অতিরিক্ত জেগে থাকা, অস্বাভাবিক বেশি ঘুমানো, খাবারের প্রতি অনীহা, অতিরিক্ত দুর্বলতা, চোখ লাল বা ফুলে থাকা এবং অল্প সময়ের মধ্যে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

কথাবার্তায় অসংলগ্নতা, নিজের বক্তব্য গুছিয়ে বলতে সমস্যা হওয়া কিংবা ভাব প্রকাশে হঠাৎ পরিবর্তনও খেয়াল করা জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন জীবনযাপনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে কি না, সেটিও লক্ষ্য রাখতে হবে।

একটি লক্ষণ দেখেই সিদ্ধান্ত নয়

তবে এসব লক্ষণের কোনো একটি দেখা দিলেই সন্তান মাদকাসক্ত—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বয়ঃসন্ধিকালের মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা অন্য কোনো কারণেও একই ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

তাই সন্দেহের ভিত্তিতে সন্তানকে দোষারোপ বা অপমান না করে প্রথমে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে।

কী করবেন অভিভাবকরা

সন্তান নেশায় জড়িয়ে পড়েছে বলে জানতে পারলে রাগ বা আতঙ্কিত হওয়া স্বাভাবিক। কিন্তু চিৎকার, অপমান, অতিরিক্ত শাসন কিংবা শারীরিক শাস্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মনোরোগ চিকিৎসক কেদাররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী, সন্তানকে আঘাত করা বা ঘর থেকে বের করে দেওয়ার হুমকি না দিয়ে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে বিষয়টি বোঝাতে হবে। নেশার কারণে শরীর ও মনের কী ধরনের ক্ষতি হতে পারে, সে সম্পর্কেও তাকে সঠিক তথ্য দেওয়া জরুরি।

সন্তান যখন নেশার প্রভাবে থাকবে না, তখন একান্তে তার সঙ্গে কথা বলা ভালো। অভিযোগ বা জেরা না করে বোঝাতে হবে যে তার আচরণে পরিবর্তন আপনার নজরে এসেছে এবং আপনি তাকে সাহায্য করতে চান।

একই সঙ্গে সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। নেশার পেছনে কোনো মানসিক চাপ, পারিবারিক সমস্যা, বন্ধুত্বের সংকট কিংবা অন্য কোনো কারণ কাজ করছে কি না, সেটিও বোঝার চেষ্টা করা জরুরি।

পারিবারিকভাবে পরিস্থিতির উন্নতি না হলে দেরি না করে মনোরোগ চিকিৎসক, আসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত কাউন্সেলরের পরামর্শ নেওয়া উচিত।

সন্তানের আচরণে পরিবর্তন দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সেটিকে অবহেলাও করা যাবে না। সময়মতো পরিবর্তনগুলো চিহ্নিত করে সহানুভূতির সঙ্গে পাশে থাকা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নেওয়াই নেশার ঝুঁকি মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম