খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জাগপা, মেয়র পদে জামায়াতকে সমর্থন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জাগপা, মেয়র পদে জামায়াতকে সমর্থন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তবে সিটি করপোরেশনের মেয়র পদে কোনো প্রার্থী দেবে না দলটি। এ পদে ১১ দলীয় ঐক্যের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাগপা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশে এ সিদ্ধান্ত ও নির্বাচনী নির্দেশনা তুলে ধরেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, যেসব এলাকায় জাগপার প্রার্থী থাকবে না, সেসব এলাকায় শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্য কোনো দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ানো যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সঙ্গে আপস করা যাবে না এবং অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলের নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যের একক প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। এ ছাড়া শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সঠিক তথ্য প্রদান এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা গ্রহণ বা এ জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের সেবা নেওয়া এবং এর জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

যোগফল প্রতিবেদক: 

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি-৫-এ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম