আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তবে সিটি করপোরেশনের মেয়র পদে কোনো প্রার্থী দেবে না দলটি। এ পদে ১১ দলীয় ঐক্যের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাগপা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশে এ সিদ্ধান্ত ও নির্বাচনী নির্দেশনা তুলে ধরেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, যেসব এলাকায় জাগপার প্রার্থী থাকবে না, সেসব এলাকায় শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্য কোনো দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ানো যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সঙ্গে আপস করা যাবে না এবং অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলের নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যের একক প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম