খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

নিজেকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণের খরচ নিয়ে চিন্তিত? তাদের জন্য সুযোগ রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচিতে। সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত এসব কর্মসূচির আওতায় বিনা খরচে গাড়ি চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শুধু প্রশিক্ষণ নয়, নির্দিষ্ট কর্মসূচিতে প্রশিক্ষণ শেষে সনদ, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং উপস্থিতির ভিত্তিতে ভাতা পাওয়ার সুযোগও রয়েছে। আগ্রহীরা কীভাবে আবেদন করবেন, কারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং কী কী কাগজপত্র প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।

কোন কোন কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে?

বিআরটিসি মূলত দুটি প্রকল্পের আওতায় বিনামূল্যে চালক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে।

১. বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (BRSP): বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরি এবং আগে থেকে পেশায় থাকা চালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে চার মাস মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

২. স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP): এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় নতুন চালকদের হালকা মোটরযান চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে SICIP কর্মসূচির ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১১টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ পর্যায়ে ৭০০ জনকে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম পাঁচ পর্যায়ে ইতোমধ্যে ৩ হাজার ৫০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কারা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন?

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের ১২ এপ্রিল ২০২৬ তারিখের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যোগ্যতা ও শর্তগুলো হলো—

  • বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।

  • কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।

  • শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ গ্রহণের উপযুক্ত হতে হবে।

  • আগে থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে না।

  • নারী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

তবে SICIP ও BRSP প্রকল্পের প্রতিটি পর্যায়ের যোগ্যতার শর্ত এক নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পর্যায়ের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

আবেদন করতে যেভাবে যা করবেন

বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: বিজ্ঞপ্তি সংগ্রহ

প্রথমে বিআরটিসির ওয়েবসাইটে প্রবেশ করে প্রশিক্ষণসংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে কোন কোন কেন্দ্রে ভর্তি চলছে, আবেদনের সময়সীমা, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পাওয়া যাবে।

ওয়েবসাইট: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)

দ্বিতীয় ধাপ: আবেদন ফরম সংগ্রহ

নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্র থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কোনো কোনো কর্মসূচিতে ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে। ২০২৬ সালের BRSP বিজ্ঞপ্তিতে বিআরটিসির ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহের কথা বলা হয়েছিল।

তৃতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত

আবেদনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়—

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

  • শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।

  • সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

  • নিবন্ধিত চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট (সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ফরম-২ অনুযায়ী)।

  • বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র।

চতুর্থ ধাপ: আবেদন জমা ও বাছাই

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

পঞ্চম ধাপ: প্রশিক্ষণে অংশগ্রহণ

নির্বাচিত হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশ নিতে হবে। এতে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি গাড়ি চালানোর ব্যবহারিক প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

প্রশিক্ষণ চলাকালে কী কী সুবিধা পাওয়া যাবে?

বিআরটিসির এসব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা।

  • বিনামূল্যে প্রশিক্ষণ: ড্রাইভিং ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

  • ব্যবহারিক শিক্ষা: দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে গাড়ি চালানোর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

  • আর্থিক সহায়তা: SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণে উপস্থিতির ভিত্তিতে ৮ হাজার টাকা পরিবহন ভাতা ও ৪ হাজার টাকা আপ্যায়ন ভাতার ব্যবস্থা রয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

  • প্রশিক্ষণ সনদ: সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে সনদ দেওয়া হবে।

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স: নির্ধারিত শর্ত ও পরীক্ষায় উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা রয়েছে।

কোথায় যোগাযোগ করবেন?

দেশের বিভিন্ন অঞ্চলে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্র রয়েছে। আগ্রহীরা নিজেদের নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করে পরবর্তী ব্যাচের ভর্তি ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।

ঢাকায় যোগাযোগের ঠিকানা:

  • বিআরটিসি কেন্দ্রীয় কার্যালয়: ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।

  • তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট: ৩২, শহীদ ক্যাপ্টেন মাহবুব সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮।

  • যোগাযোগ নম্বর: ০২-২২২২৫১৯৫৬, ০২৯২৪৮-২০৩৯৬৩।

এ ছাড়া বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইট ও ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম থেকে প্রশিক্ষণসংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

এখনই কি আবেদন করা যাবে?

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি। ২০২৬ সালের ১২ এপ্রিল প্রকাশিত BRSP প্রকল্পের ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ এপ্রিল। অন্যদিকে SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৬।

ফলে এসব পর্যায়ের পুরোনো বিজ্ঞপ্তি দেখে এখন আবেদন করতে যাওয়া ঠিক হবে না। আগ্রহীদের পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিআরটিসির ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের নোটিশ অনুসরণ করতে হবে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

সব মিলিয়ে, যারা পেশাদার চালক হিসেবে কর্মজীবন গড়তে চান, তাদের জন্য বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে তরুণ, নারী ও নতুন চালকদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের পথ তৈরিতে এ উদ্যোগ সহায়ক হতে পারে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা।

সংগঠনটির নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধ ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থি। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ছাত্র জমিয়তের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিকল্প নেই।

বিবৃতিতে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

ছবি লুৎফর সিকদার।।নিজেস্ব জেলা সংবাদদাতা

 লুৎফর সিকদার।।নিজেস্ব জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মধ্যে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।

এদিকে রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক যোগফল কম. 

পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

নিজস্ব।। জেলা সংবাদদাতা


নিজস্ব।। জেলা সংবাদদাতা

একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাদিয়া খাতুন  বগুড়ার গাবতলী  এলাকার মেয়ে আর আল আমিন খন্দকার ধানগড়ায় ছেলে । বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংসারে শুরু হয় নানা অশান্তি ও দূরত্ব।

সাদিয়ার অভিযোগ, স্বামী আল আমিন খন্দকার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানো ও পারিবারিক দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে থাকেন তিনি। বিষয়টি জানার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

সাদিয়ার ভাষ্যমতে, প্রায় ২৩ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান স্বামী। তিনি এখনো সংসার করতে চান এবং সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পাওয়ার আশা করছেন। তবে তার অভিযোগ, স্বামী আর সংসার করতে আগ্রহী নন।

এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ সফল হয়নি বলে দাবি করেছেন সাদিয়া। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া ও মামলা চলমান রয়েছে।

অসহায় অবস্থায় নিজের সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা জানিয়ে তিনি আমাদের কাছে সহযোগিতা ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই ঘটনার বিস্তারিত ও সাদিয়ার বক্তব্য নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন।

পরবর্তী পর্বে থাকছে তার করা আরও কিছু অভিযোগ ও সংসার ভাঙনের পেছনের ঘটনা।