সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালাগালির অভিযোগ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানান সামান্তা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে ফোন করে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয়। তবে ওই ব্যক্তি ছাত্রলীগে নিজের পদবি জানাতে রাজি হননি বলে দাবি করেন সামান্তা।
পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। একই সঙ্গে নিজের পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন