খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আধুনিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আধুনিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার

ছবিতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার

মনজুরুল ইসলাম ।। ​সিরাজগঞ্জ প্রতিনিধি

‎আসন্ন বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, সুশৃঙ্খল ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সম্প্রতি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎​মতবিনিময়কালে মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে তার একটি নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দলীয় মনোনয়ন এবং ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

‎​নির্বাচিত হলে আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি যেসব বিষয় তুলে ধরেন, তা নিচে উল্লেখ করা হলো:
‎​অবকাঠামোগত উন্নয়ন ও তাঁতশিল্পের প্রসার: ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি, ঐতিহ্যবাহী তাঁতশিল্প সমৃদ্ধ এই জনপদের তাঁতীদের স্বার্থরক্ষা, কাঁচামালের সহজলভ্যতা এবং এ শিল্পের আধুনিকায়ন ও প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
‎​কৃষি ও কৃষকের উন্নয়ন: ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ভৌগোলিক সীমানার অধিকাংশ এলাকা কৃষি নির্ভরশীল হওয়ায় প্রান্তিক কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের জন্য সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‎​শিক্ষার মানোন্নয়ন: একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হবে। ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

‎সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে কিশোরদের খেলাধুলার মাধ্যমে মনোযোগী ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
‎
‎​দোরগোড়ায় স্বাস্থ্যসেবা: সাধারণ মানুষের মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও সচল ও আধুনিক করা হবে, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।

‎​সবশেষে, মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার দলমত নির্বিশেষে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম