খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিবাদের প্রশ্নে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। তিনি বলেন, ‘আমি একটি আইনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আইনটি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেই করে গেছে। মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আজ সেই আইনের ফাঁদেই তারা পড়েছে।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ ব্যবস্থা পুনঃপ্রবর্তনের কাজ চলছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এ ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্ভাব্য পাঁচটি ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ অথবা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন সম্পন্ন হতে পারে।

আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, দেশের অন্যান্য জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেসক্লাব ঐক্যবদ্ধ রয়েছে। এ ছাড়া বক্তব্যে উত্তরবঙ্গের পরিবর্তে ‘উত্তর অঞ্চল’ শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জনকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন।

আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম