খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

শেখ হাসিনার নতুন এনআইডি পাওয়ার সুযোগ নেই, বলছে নির্বাচন কমিশন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শেখ হাসিনার নতুন এনআইডি পাওয়ার সুযোগ নেই, বলছে নির্বাচন কমিশন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হলেও সরকার এসব খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বলছেন, আইনি ও কারিগরি—দুই কারণেই শেখ হাসিনার নতুন করে এনআইডি পাওয়ার সুযোগ নেই। কারণ, তার আগের এনআইডি ব্লক করা রয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী, একবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর দ্বিতীয়বার নতুন করে ভোটার হওয়ার সুযোগ নেই।

ইসি কর্মকর্তাদের ভাষ্য, জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন নাগরিক একবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে এনআইডি পাওয়ার পর নতুন করে নিবন্ধন করতে পারেন না। দ্বিতীয়বার ভোটার নিবন্ধনের মাধ্যমে এনআইডি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

অতীতে একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়ার ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও হয়েছে। কেউ কেউ সরল বিশ্বাসে একাধিক এনআইডির জন্য আবেদন করার কথা স্বীকার করে একটি পরিচয়পত্র বাতিল করেছেন। সাধারণত এ ক্ষেত্রে প্রথম এনআইডি বহাল রেখে পরবর্তীটি বাতিল করা হয়।

আইনি বাধার পাশাপাশি রয়েছে কারিগরি প্রতিবন্ধকতাও। কর্মকর্তারা জানান, নতুন করে ভোটার নিবন্ধনের আবেদন করা হলে আবেদনকারীর আঙুলের ছাপ সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধিত থাকলে আঙুলের ছাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব। ফলে দ্বিতীয়বার নিবন্ধনের আবেদন প্রক্রিয়াকরণের সুযোগ থাকে না।

অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। তবে এ ধরনের জালিয়াতি ঠেকাতে বর্তমানে নিবন্ধন প্রক্রিয়ায় বিষয়টি বিশেষভাবে যাচাই করা হয়।

সূত্র জানায়, গত বছরের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে দেয় এনআইডি অনুবিভাগ। শাখাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ-সংক্রান্ত নথিতে উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে তাদের পরিচয়পত্র লক করা হয়েছে।

এ তালিকায় রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পেয়েছে হাইকমিশন। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র পাঠানো হয়নি। এ কারণে আবেদনটি তার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর প্রকাশিত হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম