খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 যোগফল প্রতিবেদক:

jকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম, প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান এবং শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম দাবি করেন, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তাকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) পদে নিয়োগ দেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন। পরবর্তীতে এমপিওভুক্তি ও বেতন নিশ্চিত করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়। সংসার ও পৈতৃক সম্পদ বিক্রি করে তিনি ওই অর্থ পরিশোধ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে বিষয়ভিত্তিক প্যাটার্ন জটিলতার কথা বলে তার এমপিওভুক্তির প্রক্রিয়া বারবার আটকে যায়। একপর্যায়ে তাকে ভৌত বিজ্ঞান বিষয়ে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাতেও স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিন বিনা বেতনে বিদ্যালয়ে পাঠদান করে আসার পরও তিনি এমপিওভুক্ত হতে পারেননি বলে দাবি করেন।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক আবুল হোসেন অবসর গ্রহণ করলে পদটি শূন্য হয়। ওই পদে তাকে আবেদনের সুযোগ না দিয়ে প্রধান শিক্ষক এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে নতুন শিক্ষক চেয়ে চাহিদা পাঠান। একই সঙ্গে নিজের দেওয়া টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহানা করেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) সেলিনা খাতুন দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তার নিয়মিত উপস্থিতি দেখানো এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগও করা হয়েছে। তার পরিবর্তে ‘নিপা পারভীন’ নামে একজনকে প্রক্সি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, বাংলা বিষয়ের শিক্ষক না হওয়া সত্ত্বেও ওই প্রক্সি শিক্ষককে ইংরেজি ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত ও বৈধ ম্যানেজিং কমিটি না থাকায় প্রধান শিক্ষক এককভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে। আয়-ব্যয়ের হিসাব নিয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানের তহবিল বা শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বললে তাদের শোকজ, চাকরিচ্যুত করার হুমকি ও মানসিকভাবে হয়রানি করা হয়।

এ ছাড়া বিদ্যালয়ের একজন আজীবন দাতার অভিযোগ, তিনি বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দিলেও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা সংশ্লিষ্ট নথিতে তার নাম যথাযথভাবে রাখা হয়নি। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমেও তাকে অবহিত করা হয় না বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আমজাদ হোসেন অভিযোগের কিছু অংশ স্বীকার করে বলেন, ওই শিক্ষকের কাছ থেকে নিয়োগের সময় ৩ লাখ টাকা নেওয়া হয়েছিল। তার দাবি, অর্থটি বিদ্যালয়ের উন্নয়ন ও নিয়োগ-সংক্রান্ত কাজে ব্যয় করা হয়েছে। প্রক্সি শিক্ষক নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই শিক্ষক ভালোভাবেই ক্লাস নিচ্ছেন।

সহকারী শিক্ষক সেলিনা খাতুনের অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক বলেন, তিনি অসুস্থ। তার বেতন ইএফটির মাধ্যমে হওয়ায় বেতন প্রদানের বিষয়ে তার কোনো নিয়ন্ত্রণ নেই। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবেও কোনো অনিয়ম নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম