খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া আব্দুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদাদাতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রবেশমুখে নির্মিত ‘বেলকুচিতে স্বাগতম’ তোরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। 
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাইঝাইল গ্রামে এ তোরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার প্রবেশমুখে নির্মিত দৃষ্টিনন্দন তোরণটি বেলকুচিতে আগত অতিথি ও পথচারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপজেলার পরিচিতি তুলে ধরবে। এর মাধ্যমে বেলকুচির সৌন্দর্য ও ঐতিহ্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তোরণের ফলক থেকে জানা যায়, ‘স্বাগতম’ তোরণটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। স্থানীয়দের মতে, উপজেলার প্রবেশপথে এমন একটি তোরণ নির্মাণ বেলকুচির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।

পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

ছবি যোগফল


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।