আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে যশোর ৪৯ ব্যাটালিয়ন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন, বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের বেশিরভাগই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যশোর ও সাতক্ষীরার সীমান্ত কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় এসব সীমান্ত দিয়ে তাদের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে ধারণা করছে বিজিবি।
তিনি আরও বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে।
প্রয়োজনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সীমান্তে দিন-রাত টহল আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের কোনো তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন