শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের পেছনে তিন কারণ দেখছে জামায়াত
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ উদ্যোগের পেছনে দেশে ফেরার কৌশল, ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখার উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক ভিডিও বার্তায় দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা কেন নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এর একটি হলো দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিতে পারেন।
দ্বিতীয় কারণ হিসেবে ভারতে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তার মতে, নেতাকর্মীদের ছেড়ে দেশ থেকে চলে যাওয়ার পর তাদের আশ্বস্ত করতেই এমন উদ্যোগ নিয়ে থাকতে পারেন শেখ হাসিনা।
এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখার বিষয়টিও এর পেছনে কারণ হতে পারে বলে মন্তব্য করেন জুবায়ের। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না—এমন ঘোষণা দিলে দলের অন্য কাউকে নেতৃত্বে বসানো হতে পারে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দলটি দেশের মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে। দেশের অর্থনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তিনি আরও অভিযোগ করেন, ভারতে আশ্রয় নিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। সেখান থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে উত্তপ্ত ও ভয়ভীতি দেখাচ্ছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ করে জুবায়ের বলেন, আইনের দাবি অনুযায়ী তিনি দেশে ফিরলে রায় কার্যকর করতে হবে। এ দায়িত্ব সরকারের ও বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, শেখ হাসিনাকে তার অপরাধের জন্য আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার তা করতে ব্যর্থ হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে।
শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে নাও পারেন উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, তাকে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এ জন্য ভারতের সঙ্গে আলোচনা, আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ এবং ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
জুবায়ের আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আদালতের রায় কার্যকরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য রয়েছে। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন