খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য, বোর্ডকে দ্রুত কাজের নির্দেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য, বোর্ডকে দ্রুত কাজের নির্দেশ

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জানুয়ারি থেকে নতুন হারে মজুরি কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট বোর্ডকে দ্রুত দায়িত্ব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের পেছনে ইন্ধনদাতাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি কার্যক্রমের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। বিনিয়োগ ও বাণিজ্য কখনো অনিশ্চয়তা পছন্দ করে না। দেশের স্বার্থে সবাইকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অসৎ উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খতিয়ে দেখবে।

চীন-বাংলাদেশ যোগাযোগ করিডোর প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সরাসরি উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে চীন ও মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। যোগাযোগব্যবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা গেলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে পারবে। এতে বাণিজ্যের পাশাপাশি দেশগুলোর পারস্পরিক সম্পর্কও জোরদার হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে সরকার শুধু তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা রাখতে চায় না। পোশাকের বাইরে নতুন নতুন পণ্য রপ্তানির সুযোগ খুঁজে দেখা হচ্ছে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার।

স্বাস্থ্য খাতে বরাদ্দ ও সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের প্রায় দ্বিগুণ। দীর্ঘদিন পর স্বাস্থ্য খাতে জিডিপির এক শতাংশের বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায়ও গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রী আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে সিলেটে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্পে পরামর্শক নিয়োগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে পরামর্শক নিয়োগ শেষ হতে পারে। এরপর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১২০০ শয্যার জেনারেল হাসপাতাল এবং এর অধীনে ২৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদনও পাওয়া গেছে।

সিলেটে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এতে হাসপাতালটির শয্যাসংখ্যা প্রায় ৪০০ থেকে ৪৫০টি বাড়বে। সিলেট ডায়াবেটিক হাসপাতাল ও কিডনি হাসপাতালের মতো বেসরকারি উদ্যোগে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

সিলেটকে আন্তর্জাতিক ডেন্টাল চিকিৎসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত ও আস্থাশীল চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি রোগীদের আকৃষ্ট করা সম্ভব। তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বিভিন্ন দেশের মানুষ যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে সিলেটেও উন্নত ডেন্টাল চিকিৎসাসেবা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশে এসে দাঁতের চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরির প্রত্যাশা রয়েছে।

ডেন্টাল শিক্ষায় নারীদের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৩৫ শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনই নারী। চিকিৎসাশিক্ষায় নারীদের এই অংশগ্রহণ ইতিবাচক।

প্রতিষ্ঠানটির ১২ বছরের পথচলাকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কলেজটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার সুযোগ থাকলে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডেন্টাল কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন

ছবি সাঁথিয়া (পাবনা)

সাঁথিয়া (পাবনা)।। জেলা সংবাদদাতা

দীর্ঘ ১৭ বছর পর পাবনার সাঁথিয়া উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  ৫৪ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি  । গত ১৫ নভেম্বর ১০৯ নং স্বারকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁঞা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্রের ২০২৪ মোতাবেক আগামী ৪ বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত এ কমিটিতে চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কে সভাপতি,সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দীনকে নির্বাহী সভাপতি ,  পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে । 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল হান্নান ও শাজাহান আলী সিনিয়র সহ-সভাপতি, জয়নুল আবেদীন, শামসুর রহমান, রেজাউল করিম নাজমুল হুদা নিজামী, শহীদুল্লাহ হোসেন সহ-সভাপতি, হারুনুর রশিদ, সৈয়দা বিউটি সিনিয়র যুগ্ম সম্পাদক, বশির আল হেলাল,  , আবু সাঈদ,জীবন নাহার আশা, যুগ্ম সম্পাদক,হেলাল উদ্দিন,ইকবাল বাহার সহ সাধারণ সম্পাদক,  কামরুন্নাহার ,সুমি খাতুন, মহিলা বিষয়ক -সম্পাদক, রাবেয়া বশরি সহ মহিলা সম্পাদক, জাহিদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক, খায়রুল আলম অর্থ সম্পাদক, মেহেদি হাসান সহ অর্থ সম্পাদক, রবিউল ইসলাম দপ্তর সম্পাদক, শোয়াইব হোসেন সহ সম্পাদক, হামিম রেজা ধর্ম সম্পাদক,আ:হালিম  সহধর্ম সম্পাদক, মোস্তাফিজুর রহমান জিকু  শিক্ষা সম্পাদক,বুলবুল আহমেদ সহ শিক্ষা সম্পাদক, দেলোয়ার হেসেন সাহিত্য সম্পাদক,মুস্তাফিজুর রহমান সহ-সাহিত্য সম্পাদক, নাজনীন  নাহার সাথী সাংস্কৃতি ও বিনোদন সম্পাদক, কিবরিয়া হোসেন সহ-সাংস্কৃতিক সম্পাদক, মাহবুবুর রহমান যোগাযোগ সম্পাদক,শাহিন হেসেন,সহ যোগাযোগ সম্পাদক,সায়াত উদ্দিন  প্রচার সম্পাদক,আবুবক্কার সিদ্দিক ক্রীড়া সম্পাদক,নুহ উল্লাহ মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন মিডিয়া সম্পাদক, হাসেম আলী মাউশি সম্পাদক,তোফাজ্জল হোসেন আইন সম্পাদক, শামীমা নাসরিন শিমুল আইসিটি সম্পাদক, আসাদুজ্জামান শাহিন সহ আইসিটি সম্পাদক, আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট  সম্পাদক, নাসির উদ্দিন স্কাউটিং সম্পাদক, আবুল আসাদ কল্যাণ সম্পাদক, মনিরুল ইসলাম পরিবেশ সম্পাদক,শফিকুল ইসলাম সমবায় সম্পাদক,আমেনা খাতুন,সারোয়ার হেসেন, সিহানু ইসলাম  কার্যকরী সদস্য। 
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ১৭ বছর পর সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এই কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় স্থানীয় শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে, যা আগামী দিনে শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে ড. ইউনূসের নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার বিষয়টি আরও উদ্বেগজনক। দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করছে এই ব্যাংক।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

তিনি আরও উল্লেখ করেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং তিনিই ব্যাংকটি পরিচালনা করেন। অথচ ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা বাধাগ্রস্ত না হয়।

ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সবশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে নৌকা বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়ে পুণ্যার্থীবাহী একটি নৌকা। পরে কোস্ট গার্ডের সহায়তায় নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী নৌকাটি।

পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন পুণ্যার্থীরা।

এ সময় নৌকায় থাকা একজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লইট্টা খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম