এনসিপি ছাড়ার সিদ্ধান্ত হুট করে নয়, পদত্যাগে ভেতরে-বাইরে চাপ ছিল: সামান্তা শারমিন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত হুট করে নেননি বলে জানিয়েছেন দলটির সদ্য পদত্যাগী যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেছেন, পদত্যাগের জন্য দলের ভেতর থেকে যেমন চাপ ছিল, তেমনি বাইরের বিভিন্ন পক্ষ থেকেও তাকে চাপ দেওয়া হয়েছে।
পদত্যাগের ঘোষণা দেওয়ার পর অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিনের অভিযোগ, এনসিপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে একটি প্রথাগত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে দলের ভেতরে থেকে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের মতো কার্যকর কোনো ফোরাম না থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দল ছেড়ে পদত্যাগ করার পক্ষে কখনোই ছিলেন না। তবে দলকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য তার যতটুকু সামর্থ্য ও শক্তি ছিল, তা শেষ হয়ে গেছে বলে মনে হয়েছে।
সামান্তা জানান, আপাতত নতুন কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই তার। আগামী দুই-তিন মাস বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিজের পরবর্তী রাজনৈতিক ভূমিকা নির্ধারণ করবেন।
পদত্যাগের সিদ্ধান্তকে নিজের জন্য সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন, এনসিপি গড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি। দল প্রতিষ্ঠার আগে নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাগরিক কমিটিই এনসিপির ভিত্তি। তাই সেই ইতিহাস বাদ দিলে দলটির অস্তিত্বের ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।
সামান্তা শারমিন বলেন, নিজের হাতে গড়ে তোলা দল কেউই ছাড়তে চায় না। এনসিপি তাকে অনেক কিছু দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক মতবিরোধের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
গত নির্বাচনের আগে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দলের সঙ্গে তার মতবিরোধ স্পষ্ট হতে শুরু করে।
পদত্যাগের সিদ্ধান্ত নিতে এত সময় লাগার বিষয়ে তিনি বলেন, নিজের রাজনৈতিক বোঝাপড়া ও যুক্তি প্রয়োগের সক্ষমতা যত দিন ছিল, তত দিন দলকে ভুল পথ থেকে ফেরানোর চেষ্টা করেছেন। তার মতে, পদত্যাগ কোনো সমাধান নয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদত্যাগের কথা ভাবলেও তিনি তাদের নিরুৎসাহিত করেছেন।
তবে দল পুনর্গঠনের পর ভিন্নমত তুলে ধরার মতো কোনো ফোরাম অবশিষ্ট ছিল না। আগে সাধারণ সভা, নির্বাহী কমিটির বৈঠক ও রাজনৈতিক পর্ষদে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকলেও পরবর্তী সময়ে সেই সুযোগ সীমিত হয়ে আসে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির নেতৃত্ব ও পদ বণ্টন নিয়েও প্রশ্ন তুলেছেন সামান্তা। তার প্রশ্ন, নাহিদ ইসলাম কীসের ভিত্তিতে দলের আহ্বায়ক হয়েছেন? একই সঙ্গে অন্য নেতাদের সাংগঠনিক গুরুত্ব কমিয়ে দেওয়া এবং নতুন করে গুরুত্বপূর্ণ পদ পাওয়া ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড প্রকাশ না করার অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, দলের ১৯৬ সদস্যের কমিটিতে ১৬০ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পদ বণ্টনের ক্ষেত্রে কোনো স্বচ্ছ ও প্রকাশ্য মানদণ্ড অনুসরণ করা হয়নি। এমনকি আহ্বায়ক কমিটিতে ওপর থেকে নিচ পর্যন্ত বড় ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রেও জবাবদিহিতা ছিল না বলে অভিযোগ করেন তিনি।
সামান্তা বলেন, একজনকে কোনো দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতা প্রয়োজন, তা দলের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত। কিন্তু এনসিপিতে রাজনৈতিক পর্ষদ নিজেদের বিবেচনা অনুযায়ী পদ বণ্টন করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা এনসিপি পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের লক্ষ্য থেকে সরে এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি শেষ পর্যন্ত প্রচলিত রাজনৈতিক ধারার দিকে ঝুঁকেছে।
এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এনসিপির প্রস্তাবের সঙ্গে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার তুলনা করেন তিনি। সামান্তার মতে, জাতীয় ঐকমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ নির্বাচনে বিরোধী দলের মতামত রাখার প্রস্তাব দিয়েছিল এনসিপি। অথচ নিজেদের দলের ভেতরে কমিটি পুনর্গঠনের সময় ভিন্নমতের প্রতি একই ধরনের মনোভাব দেখানো হয়নি।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শুধু সমমনা ব্যক্তিদের নিয়ে কাজ করলে হবে না, বিরোধী মতকেও সঙ্গে রাখতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বললেও দলের অভ্যন্তরে সেই চর্চা দেখা যায়নি।
দলের নেতৃত্বে ব্যক্তিকেন্দ্রিকতার অভিযোগ প্রসঙ্গে সামান্তা বলেন, বিষয়টিকে শুধু একজন ব্যক্তির নেতৃত্বের সমস্যা হিসেবে দেখলে তা সরলীকরণ হবে। বরং দলের মধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার আধিপত্য তৈরি হয়েছিল। আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক ধারার বিপরীতে তিনি ও নাহিদা সারোয়ার নিভা অবস্থান নিয়েছিলেন। তবে ধীরে ধীরে অন্যদেরও একমত হতে বাধ্য করার মতো চাপ তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি।
জোট গঠন ও রাজনৈতিক নীতির বিষয়ে প্রকাশ্যে ভিন্নমত জানানোর কারণে নেতৃত্বের অসন্তোষের মুখে পড়েছিলেন বলেও জানান সামান্তা। এমনকি প্রত্যেক উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের বিষয়ে এনসিপির এক সংসদ সদস্যের বক্তব্যেরও বিরোধিতা করেছিলেন তিনি।
এনসিপির সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই যুগ্ম আহ্বায়ক। তার অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও পরবর্তী সময়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের জায়গায় তাদের মতামত যথাযথ গুরুত্ব পায়নি।
সামান্তা জানান, জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তের সময় দলের রাজনৈতিক পর্ষদে ১০ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন তিনজন—তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও সামান্তা শারমিন। বাকি সাতজন ছিলেন পুরুষ। তিন নারী সদস্যই জোটের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। কিন্তু তাদের আপত্তিকে বৃহত্তর নারীসমাজের প্রতিনিধিত্বকারী মতামত হিসেবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার মতে, তিন নারী সদস্য একই বিষয়ে দ্বিমত পোষণ করার পরও তাদের বক্তব্যকে নারীসমাজের বৃহত্তর অংশের কণ্ঠস্বর হিসেবে গুরুত্ব দেওয়া হয়নি। বরং বিষয়টি নারী ও পুরুষের মধ্যে বিভাজনের মতো করে দেখা হয়েছে।
জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করতে গিয়ে দলের ভেতরে একঘরে হয়ে পড়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে সামান্তা বলেন, বিষয়টি শুধু জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা নয়। তার মতে, সংস্কারপন্থি নয় এমন পুরোনো রাজনৈতিক দলের সঙ্গে নতুন দলের জোট হলে নতুন দলের সংস্কারের রাজনীতি করার সুযোগ সংকুচিত হয়।
তিনি বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে গেলে নতুন দলের পক্ষে সেই কাঠামোর সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ে।
এ অবস্থানের কারণে দলের ভেতরে তাকে চাপের মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন সভায় তার পক্ষে কথা বলার লোক কমে গিয়েছিল। একটি সাধারণ সভায় কমিটি পুনর্গঠনের বিরোধিতায় তাদের প্রস্তাব ৭১-১৫ ভোটে পরাজিত হয়। ওই ১৫টি ভোট পাওয়ার কারণেও অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বলে জানান সামান্তা।
তিনি অভিযোগ করেন, তাকে পদত্যাগ করতে অথবা বহিষ্কারের মুখোমুখি হতে বলা হয়েছিল। তবে একঘরে হয়ে পড়ার চেয়েও বড় হতাশা ছিল দলের সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারা।
জামায়াতের রাজনৈতিক আদর্শ ও রাষ্ট্রচিন্তা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন সামান্তা। তার মতে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত পরিচয় বুঝতে হলে দলটির গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও কার্যক্রম বিশ্লেষণ করতে হবে। শুধু নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেই কোনো দলকে গণতান্ত্রিক রাজনৈতিক প্রকল্পের ধারক বলা যায় না।
তবে যারা এনসিপিকে জামায়াতের ‘বি টিম’ বলে আখ্যা দেন, তাদের সঙ্গে একমত নন তিনি। তার মতে, রাজনৈতিক দলগুলোর অবস্থান ও আদর্শ বিশ্লেষণ না করে এ ধরনের পরিচিতি দেওয়া হলে রাজনৈতিক আলোচনা দুর্বল হয়। জামায়াতের সঙ্গে এনসিপির কোথায় মিল বা অমিল, তা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা প্রয়োজন।
জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হলে এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও নারী নেতৃত্ব নিশ্চিত করা হলে এনসিপিতে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে সামান্তা বলেন, দলটি তার দীর্ঘদিনের শ্রমের ফল। তিনি কখনোই দল ছাড়তে চাননি। তবে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করা দলগুলোর পক্ষে পরবর্তী সময়ে সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন বলে মনে করেন তিনি।
এনসিপি ছাড়ার পর নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না সামান্তা। তিনি জানান, পুরোনো রাজনৈতিক দলগুলোকে সংস্কার করে নতুন ধরনের রাজনীতি করতে বাধ্য করাও তার রাজনৈতিক এজেন্ডার অংশ। এ ক্ষেত্রে জনগণের চাপকে সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন তিনি।
আগামী দুই-তিন মাস নতুন ও পুরোনো রাজনৈতিক দল, বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান সামান্তা। এমনকি এনসিপির সঙ্গেও আবার আলোচনায় বসতে চান তিনি।
নিজের পরবর্তী রাজনৈতিক ভূমিকা পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করবেন জানিয়ে সামান্তা শারমিন বলেন, তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন। এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্তও দীর্ঘ চিন্তাভাবনার পর নিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন